বাংলাদেশ সীমান্তে আবার বেড়া দিচ্ছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তে পুনরায় বেড়া নির্মাণের কাজ শুরু করেছে মিয়ানমার। চলতি সপ্তাহে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বরাদ্দের অভাবে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্তে ওই বেড়া নির্মাণের কাজ স্থগিত করা হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার পর অং সান সু চির নতুন সরকার অসমাপ্ত বেড়া নির্মাণের কাজ শেষ করার ওপর জোর দিয়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের উপমহাপরিচালক জো এইচতের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র পরিচালিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার–এর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগের সরকারের বরাদ্দ করা ৪ কোটি ৫৯ লাখ ডলার ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পুনর্মূল্যায়ন করা হয়েছে। সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগের সরকারের বরাদ্দ দেওয়া অর্থ কাটছাঁট বা হ্রাস করা হয়নি এবং প্রকল্পটির কাজ পুনরায় শুরু হয়েছে। জো এইচতে বলেন, ‘পরবর্তী সব সরকারকে অবশ্যই সীমান্তের নিরাপত্তার বিষয়ে জোর দিতে হবে।’
মিয়ানমার ২০০৯ সালে বাংলাদেশ সীমান্তে ২৯০ কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণের কাজ শুরু করে। ২০১৫ সালে চারটি ধাপের কাজ শেষ হয়। তবে আগের (২০১৫-১৬) অর্থবছরের মূল বাজেটে রোহিঙ্গা–অধ্যুষিত রাখাইন রাজ্যের অবশিষ্ট ৬৪ কিলোমিটারে বেড়া নির্মাণকাজের জন্য কোনো বরাদ্দ ছিল না। তাই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।