বাংলাদেশ সীমান্তে এ বছর ২৪ 'গরু চোরাকারবারি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ২৪ জন ‘গরু চোরাকারবারি’কে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিষয়টি শক্তভাবে উত্থাপন করেছে বলে জানিয়েছেন সরকারি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর দ্য হিন্দুর।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিকটির অনলাইনে গতকাল শনিবার প্রকাশিত খবরে বলা হয়, বিজেপির নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে গরু চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ভারত থেকে বাংলাদেশে গরু যাওয়া ঠেকাতে তারা বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
এতে করে বাংলাদেশে ভারতীয় গরুর বেচাকেনা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি বিএসএফের। বাহিনীর মহাপরিচালক ডি কে পাঠক বলেন, ‘বাংলাদেশের গরুর হাটগুলো থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক, ২০১৩ সালে সেখানে ২২ লাখ গরু বিক্রি হয়েছিল। সংখ্যাটা কমে ২০১৪ সালে ১৮ লাখ এবং ২০১৫ সালে এখন পর্যন্ত মাত্র সাড়ে চার লাখে দাঁড়িয়েছে।’
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা নিয়েও কথা বলেন বিএসএফের মহাপরিচালক। তিনি বলছেন, আইএসের সঙ্গে অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর যোগসাজশের খবরে তাঁরা ‘উদ্বিগ্ন’। তবে এই জঙ্গিদের তৎপরতা রুখতে তাঁর বাহিনী সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।
মহাপরিচালক ডি কে পাঠক বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, তারা (আইএস) অনুপ্রবেশ করতে বেপরোয়াভাবে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা এখন পর্যন্ত সফল হয়নি।’