বাংলাদেশ সীমান্তে বিএসএফের নারী সদস্য মোতায়েন
পশ্চিমবঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তে সম্প্রতি নারী সদস্য মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৫০ সদস্যের স্বপ্রশিক্ষিত ওই নারী সদস্যের দলটি টহল এবং নারীদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের কাজ করবে। বিএসএফের ৪৮তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার দীনেশ কুমার বলেন, সীমান্ত পারাপারের সময় স্থানীয় নারীদের দেহ তল্লাশি করতে আগে অনেক সমস্যা পোহাতে হয়েছে। তাই বিএসএফে নারী কনস্টেবল প্রয়োজন হয়ে পড়েছিল। সীমান্তে দায়িত্ব পাওয়া নারী কনস্টেবল সীমাজিৎ কার বলেন, সীমান্তে বিএসএফের নারী সদস্যদের মোতায়েনের ঘটনা এটাই প্রথম। নারী কনস্টেবল না থাকায় এত দিন সীমান্তে পুরুষ সদস্যরা স্থানীয় নারীদের দেহ তল্লাশি করতে পারেননি। এখন আর কোনো সমস্যা হবে না। প্রাথমিকভাবে কনস্টেবল পদমর্যাদার নারীদেরই নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের কাজের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে আরও সদস্য নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বিএসএফের একটি সশস্ত্র নারী বাহিনী রয়েছে। এই নিয়োগের ফলে সীমান্তে অবৈধ কার্যক্রম তদারকিতে সুবিধা হবে। এএনআই।