বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ শেষ করবে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অসম্পূর্ণ রয়েছে, তা দ্রুত শেষ করা হবে। ভারত-মিয়ানমার সীমান্তেও একই পদক্ষেপ নেওয়া হবে। চলতি লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি গত সোমবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ইশতেহারে বিজেপি আরও বলেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। তবে প্রয়োজনে কঠোর নীতি গ্রহণ করতে পিছপা হবে না।
এর আগে গত বৃহস্পতিবার বিজেপির আসাম রাজ্য শাখা তাদের ইশতেহার ঘোষণা করে। ওই ইশতেহারেও বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করা হয়। এ ছাড়া বলা হয়, আসাম ‘অবৈধ বাংলাদেশি’মুক্ত করা হবে এবং ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান’ বন্ধ করতে ব্রহ্মপুত্র সুরক্ষা বাহিনী গঠন করা হবে। ভারতীয় নাগরিক নিবন্ধন-প্রক্রিয়া হালনাগাদ করার অঙ্গীকারও করা হয় এতে। টাইমস অব ইন্ডিয়া।