বাংলাদেশ সীমান্তে মরিচবোমা ব্যবহার করবে বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ এবং অন্যান্য ধরনের অপরাধ ঠেকাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘চিলি বোম্ব’ বা মরিচবোমা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তে হতাহতের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।এ মরিচবোমার ভেতরে বিস্ফোরকের বদলে থাকবে ভুট জোলাকিয়া। এটা বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের গুঁড়া। এ মরিচ ভারতের আসাম ও নাগাল্যান্ড রাজ্যে উত্পাদিত হয়। বিএসএফের কর্মকর্তারা জানান, সীমান্তে গুলি চালনা থেকে মানুষের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে তাঁরা এখন চোরাচালানি বা অনুপ্রবেশকারীদের ওপর এ মরিচবোমা ছুড়ে মারবেন। সীমান্তের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই এ বোমার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। বিএসএফের কর্মকর্তারা আরও জানান, পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ ভুট জোলাকিয়ার গুঁড়া মেশানো এ বোমায় চোখে পানি আসবে, যেমন চোখে পানি আসে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে। মরিচের গুঁড়া মেশানো এ বোমা প্রথম তৈরি করে ভারতের সামরিক অনুসন্ধান ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। গোয়ালিয়রে বিএসএফের নিজস্ব কারখানায় এ মরিচবোমা তৈরি হচ্ছে। বিবিসি জানায়, সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ যতটা সম্ভব প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকারের হিসাব, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ২৬০ জনের বেশি বাংলাদেশি মারা গেছেন। আর গত এক বছরে মারা গেছেন ৩৪ জন।