বাংলাদেশ সীমান্তের ১১২টি স্থান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটির সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের দেড় শতাধিক স্থানকে অপরাধমূলক কর্মকাণ্ড, অবৈধ অভিবাসন ও সীমান্ত গুলিবিনিময়ের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তে এবং এরপর জম্মু ও পাঞ্জাবের সঙ্গে পাকিস্তান সীমান্তে। গতকাল ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।ওই প্রতিবেদনের ভাষ্যমতে, বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের দুই হাজার ৩০৮ কিলোমিটার সীমান্তের ৫১টি বিওপিকে (সীমান্ত ফাঁড়ি) ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছেন তাঁরা। এগুলোর ২৮টি জম্মু ও ২৩টি পাঞ্জাবে। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের মোট চার হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের ৯৮৭টি বিওপির মধ্যে ১১২টি ঝুঁকিপূর্ণ। ওই ১১২টি সীমান্ত ফাঁড়ির অর্ধেকেরই বেশি অর্থাৎ ৬৭টি পশ্চিমবঙ্গ সীমান্তে অবস্থিত। এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য দুই হাজার ২০০ কিলোমিটার। বিএসএফের কথায় অনুপ্রবেশ, মানব পাচার, গবাদিপশু চোরাচালান এবং জাল ভারতীয় মুদ্রা বিনিময়ের কেন্দ্রে রয়েছে এসব স্থান। বিএসএফ আরও বলেছে, গত জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত তারা ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫৯১ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩৯৭ জনকে পশ্চিমবঙ্গ, ১১৩ জনকে ত্রিপুরা ও ২২ জনকে আসামে গ্রেপ্তার করা হয়।বিএসএফের একজন কর্মকর্তা বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার পর এখন ওই সব ফাঁড়িতে আমরা আরও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও নিরাপত্তা যানসহ অতিরিক্ত জনবল ও শক্তি মোতায়েন করেছি।’ স্থানগুলো ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হবে বলেও জানান তিনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলোর বরাতে অপর এক কর্মকর্তা জানান, সীমান্তে বেড়া স্থাপন এবং বিএসএফ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) যৌথ টহল অনুপ্রবেশ ও সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে সাহায্য করতে পারে। কিন্তু বাংলাদেশ যৌথ টহলে এগোচ্ছে না। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশকে অপরাধী, চোরাচালানি ও স্পর্শকাতর সীমান্ত ফাঁড়ির একটি তালিকা দিয়েছে। তবে বাংলাদেশ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে না।