বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্প্রীতির ৪০ বছর পূর্তি উৎসব অক্টোবরে
চলতি বছরের অক্টোবর মাসে চট্টগ্রামে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সম্প্রীতির ৪০ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক, কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের বর্ষপূর্তি উদ্যাপন করা হবে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস যৌথভাবে এ উৎসব উদ্যাপন করবে। গতকাল রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন গ্যাবরিয়েল ডেরিগহেট্টি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মোরশেদ আরিফ চৌধুরী ও দূতাবাসের গবেষণা ও যোগাযোগ কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী প্রমুখ। সভায় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম পারস্পরিক অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।