বাংলাদেশ হজ কার্যালয়ে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মক্কা থেকে
মক্কা থেকে

মাথার ওপর বাংলাদেশের পতাকা। নিয়ন সাইনবোর্ডে বাংলায় লেখা বাংলাদেশ। মক্কার ইব্রাহিম খলিল রোডে মিসফালাহ ব্রিজের কাছে বাংলাদেশ হজ কার্যালয় খুঁজে নিতে এর বেশি আর কী লাগে! 
সৌদি আরবে বাংলাদেশ সরকারের হজ কার্যক্রম এ কার্যালয় থেকে পরিচালনা করা হয়। বাংলাদেশ থেকে এবার ৯৮ হাজারের বেশি হজযাত্রী এসেছেন।
গতকাল সকালে গিয়ে দেখা গেল, বাইরে অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি। ভবনের প্রবেশমুখে মক্কার মানচিত্র। সরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী হজ পালন করতে এসেছেন, তাঁদের জন্য ভাড়া করা বাড়ির অবস্থান সে মানচিত্রে চিহ্নিত করা আছে।
ভবনের ভেতরে ঢুকে মনে হলো, বাংলাদেশে চলে এসেছি। সবাই বাংলায় কথা বলছেন। অভ্যর্থনায় টেলিভিশনে বাংলাদেশি চ্যানেলের অনুষ্ঠান চলছে। শীতাতপনিয়ন্ত্রিত কার্যালয়ে ঢুকে আরাম পাওয়া গেল। বাইরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভ্যর্থনাকক্ষে রাখা বাক্সে জমা দিতে হয়। হাতের ডানে আইটি সেল। তথ্যসেবা দিতে হজ ওয়েবসাইট www.hajj.gov.bd প্রতিদিন হালনাগাদ করা হয় এখানে। এই ওয়েবসাইটে হজযাত্রীর নাম, হজযাত্রীর নম্বর, জেলার নাম, ট্রাভেল এজেন্সির নাম অথবা পাসপোর্ট নম্বর লিখে সার্চ দিলেই তাঁর ছবিসহ সর্বশেষ তথ্য ও অবস্থান জানা যাবে। হারানো হাজি খুঁজে পেতে, হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করছে এই বিভাগ।
আইটি সেল পার হলেই নিয়ন্ত্রণকক্ষ। নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মী, মঞ্জুরুল হক, মো. মহসিন চৌধুরী কেউ কোনো সমস্যা নিয়ে এলে ব্যবস্থা নেন। তাঁর টেবিলের সামনে বসা একজন হজযাত্রী বললেন, তিনি অসুস্থ বোধ করছেন। মঞ্জুরুল হক জানালেন, তাঁদের সার্বক্ষণিক চিকিৎসক ও মেডিকেল দল আছে। চিকিৎসাকেন্দ্রটি কাছেই, হিজরা রোডে মসজিদে বোখারির কাছে। হজযাত্রী ঠিকানা নিয়ে রওনা দিলেন মেডিকেল ক্যাম্পের দিকে।
নিয়ন্ত্রণকক্ষের পাশে হারানো লাগেজের খোঁজ জানার কাউন্টার। এর দায়িত্বে আছেন মো. আনিসুর রহমান ও তাজুল ইসলাম। গতকাল সকালে ব্যাগ নিতে এসেছিলেন ১০ জন হজযাত্রী। খাতায় নম্বর ১৬১ থেকে ১৭১। তাঁদের হজ মিশনের পক্ষ থেকে ফোন করা হয়েছিল ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। দু্ই দিন পর ব্যাগ পেয়ে খুশি তাঁরা। এই কয় দিন সঙ্গীদের সাহায্যে চলেছেন তাঁরা।
আবার কোনো কোনো হজযাত্রী গন্তব্য হারিয়ে ফেলেন। হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) দুই কর্মী আবদুল বাকি ও খুরশিদ আলম এমন হজযাত্রীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেন। অপেক্ষারত হজযাত্রীদের অাপ্যায়নেরও ব্যবস্থা আছে এখানে।
ঘড়ির কাঁটায় দুপুর ১২টা। জোহরের আজান হলো। হজ কার্যালয়ের মেঝেতে কার্পেট, জায়নামাজ বিছানো হলো। জামাতে নামাজ আদায় করলাম হজযাত্রীদের সঙ্গে।
মেডিকেল সেন্টার: হজ কার্যালয় থেকে বের হয়ে হিজরা রোডে মসজিদে বোখারির কাছে মক্কা হজ মেডিকেল সেন্টারে গেলাম। উঠেই আইটি বিভাগ। সেখানে রাখা টাচস্ক্রিনে হজযাত্রীরা পাসপোর্ট নম্বর বা হজ আইডি লিখে অপেক্ষা করছেন। যন্ত্র থেকে বেরিয়ে আসছে ব্যবস্থাপত্রের কপি। তাতে হজযাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, বয়স, জেলা, তারিখ এবং আগে সেবা গ্রহণ করলে তার উল্লেখ থাকছে।
আইটি কর্মী জানালেন, এ তথ্যসংবলিত কাগজ নিয়ে যেতে হয় চিকিৎসকের কাছে। চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। জানা গেছে, হাজিদের মধ্যে সর্দি-কাশি, গলাব্যথা, শরীরব্যথা, ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীর সংখ্যা বেশি। চিকিৎসক খিজির হায়াত সবাইকে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহার, বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৩৮৬ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫০১ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন।