বাংলাদেশ হজ কার্যালয়ে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মক্কার ইব্রাহিম খলিল রোডে কুবরি মিসফালাহ ও কার পার্কিংয়ের কাছে বাংলাদেশ হজ কার্যালয়। মাথার ওপর বাংলাদেশের পতাকা। নিয়ন সাইনবোর্ডে বাংলায় লেখা বাংলাদেশ। খুঁজে নিতে এর বেশি আর কী লাগে!
বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা কার্যক্রম এ কার্যালয় থেকে পরিচালনা করা হয়। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজারের বেশি মানুষ পবিত্র হজ পালন করবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হজ কার্যালয়ে গিয়ে দেখা গেল বাইরে অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি। ভবনের প্রবেশমুখে মক্কার মানচিত্র। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী হজ পালন করতে এসেছেন, তাঁদের জন্য ভাড়া করা বাড়ির অবস্থান ওই মানচিত্রে চিহ্নিত করা আছে।
ভবনে ঢুকে মনে হলো, বাংলাদেশে চলে এসেছি। সবাই বাংলায় কথা বলছেন। অভ্যর্থনাকক্ষে টেলিভিশনে বাংলাদেশি চ্যানেলের অনুষ্ঠান চলছে। শীতাতপনিয়ন্ত্রিত কার্যালয়ে ঢুকে আরাম পাওয়া গেল। বাইরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভ্যর্থনাকক্ষে রাখা বাক্সে জমা দিতে হয়। হাতের ডানে আইটি সেল। তথ্যসেবা দিতে হজ ওয়েবসাইট www.hajj.gov.bd প্রতিদিন হালনাগাদ করা হয় এখানে। এই ওয়েবসাইটে হজযাত্রীর নাম, নম্বর, জেলার নাম, ট্রাভেল এজেন্সির নাম অথবা পাসপোর্ট নম্বর লিখে সার্চ দিলেই তাঁর ছবিসহ সর্বশেষ তথ্য ও অবস্থান জানা যাবে। কেউ হারিয়ে গেলে তাঁকে খুঁজে পেতে হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করছে এই বিভাগ।
আইটি সেল পার হলেই নিয়ন্ত্রণকক্ষ। কেউ কোনো সমস্যা নিয়ে এলে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মী মঞ্জুরুল হক, মো. শামীম, মো. মহসিন চৌধুরী ব্যবস্থা নেন। মঞ্জুরুল হকের টেবিলের সামনে বসা একজন হজযাত্রী বললেন, তিনি অসুস্থ বোধ করছেন। মঞ্জুরুল হক বললেন, তাঁদের সার্বক্ষণিক চিকিৎসক ও মেডিকেল দল আছে। চিকিৎসাকেন্দ্রটি কাছেই। ওই হজযাত্রী ঠিকানা নিয়ে রওনা দিলেন চিকিৎসাকেন্দ্রের দিকে।
নিয়ন্ত্রণকক্ষের পাশে হারানো লাগেজের খোঁজ জানার কাউন্টার। এর দায়িত্বে আছেন আনোয়ার হোসেন ও আশরাফ আলী। আশরাফ আলী বললেন, গতকাল পর্যন্ত ২২৪টি লাগেজ পাওয়া গেছে। তার মধ্যে ১৭৭টি লাগেজ হজ মিশনের ফোন পেয়ে মালিকেরা নিয়ে গেছেন। একজন ব্যাগ নিতে এলেন দুই দিন পর, ব্যাগ পেয়ে তিনি খুশি।
পথ হারিয়ে ফেলা হজযাত্রীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তার জন্য আছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দুই কর্মী আবদুল বাকি ও খুরশিদ আলম। অপেক্ষারত হজযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থাও আছে এখানে। ওপরের তলায় কাউন্সেলর (হজ) ও কনসাল (হজ) কার্যালয়।
ঘড়ির কাঁটায় দুপুর ১২টা। জোহরের আজান হলো। হজ কার্যালয়ের মেঝেতে কার্পেট, জায়নামাজ বিছানো হলো। জামাতে নামাজ আদায় করলাম বেশ কয়েকজন হজযাত্রীর সঙ্গে।
চিকিৎসাকেন্দ্র: হজ কার্যালয় থেকে বের হয়ে অল্প দূরে মসজিদে বোখারির কাছে ওয়েল ফার্মাসির পাশে মক্কা হজ মেডিকেল সেন্টারে গেলাম। উঠেই আইটি বিভাগ। সেখানে রাখা টাচস্ক্রিনে হজযাত্রীরা পাসপোর্ট নম্বর বা হজ আইডি লিখে অপেক্ষা করছেন। যন্ত্র থেকে বেরিয়ে আসছে ব্যবস্থাপত্রের কপি। তাতে হজযাত্রীর নাম, ছবি, পাসপোর্ট নম্বর, বয়স, জেলা, তারিখ এবং আগে সেবা গ্রহণ করলে তার উল্লেখ থাকছে।
ওই চিকিৎসাকেন্দ্রের আইটি কর্মী আল আমিন বললেন, এসব তথ্যসংবলিত কাগজ নিয়ে যেতে হয় চিকিৎসকের কাছে। চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
হজযাত্রীদের মধ্যে সর্দি-কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীর সংখ্যা বেশি। বাংলাদেশ হজ কার্যালয়ের চিকিৎসক দলনেতা খিজির হায়াত বললেন, প্রতিদিন ৮০০-৯০০ হজযাত্রী চিকিৎসাসেবা নিতে আসেন। তিনি হজযাত্রীসহ সবাইকে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহার, বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণ করার পরামর্শ দেন।
জেদ্দা বিমানবন্দর সূত্র বলেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৯৮ হাজার ৩৮৬ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন।
নির্দেশিকা মুঠোফোনে: পবিত্র হজ পালন করতে এসে নিজ বাসা বা রাস্তাঘাট সহজে খুঁজে পেতে হজযাত্রীদের জন্য ‘পিলগ্রিম গাইড’ নামে অ্যাপ তৈরি করেছে বিজনেস অটোমেশন লিমিটেড। বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ পালনের নির্দেশনা নিয়ে মুঠোফোনের অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। এটি ব্যবহার করতে চাইলে দরকার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন এবং ইন্টারনেটের সুবিধাসহ সৌদি আরবের কোনো একটি মোবাইল ফোন সংযোগ। পিলগ্রিম গাইড অ্যাপ ইনস্টল হলে সেটিংস থেকে হাজি তাঁর পাসপোর্ট নম্বর বা পিলগ্রিম আইডি (৭ সংখ্যার নম্বর) ও জন্ম তারিখ লিখে নিবন্ধন করবেন। এতে পথনির্দেশনা (ডিরেকশন), সংবাদ (নিউজ), নামাজের সময়, তথ্য (ইনফরমেশন), জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং প্রোফাইল মেন্যু রয়েছে।