বাংলাদেশ হবে অর্থনৈতিক শক্তি: মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই বাংলাদেশ হবে অর্থনৈতিক শক্তি। গর্জে উঠবে রয়েল বেঙ্গল টাইগার। এ দেশের আপামর গ্রাম, শহর, বন্দরের সব শিক্ষার্থী ও সাধারণ মানুষ গড়ে তুলবে তাদের স্বপ্নের সোনার বাংলা।
আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থী সমাবেশে মজীনা এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটের আওতায় আসতে হবে। দেশের প্রতিটি ক্লাস ও স্কুলকে প্রযুক্তিগতভাবে আধুনিকায়ন করা হবে, এটাই আমরা চাই।’ তিনি বলেন, এখন শিক্ষাবিপ্লবের সময়। দেশের প্রতিটি ছেলেমেয়েকে জ্ঞানের সাগরে প্রবেশ করতে হবে এবং আধুনকি প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে ইউএসআইডির মিশন ডিরেক্টর জেনিনা জরজেকস্কি, চাঁদপুর-৫ আসনের সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মাতৃপীঠ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা এবং দশম শ্রেণির ছাত্রী মাইশাসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
এরপর চাঁদপুর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে তিনি চাঁদপুরের কচুয়া আশেক আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তাঁকে অভ্যর্থনা জানান। সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।