বাংলাদেশ হয়তো আরও ভয়ংকর জঙ্গির মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তার ইতিহাসের ভয়াবহতম জঙ্গি হামলার শিকার হলো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশানের রেস্তোরাঁয় হামলাকারীদের সঙ্গে আন্তর্দেশীয় উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সম্পর্ক থাকার সম্ভাবনার বিষয়টি আরও বেশি করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

ঢাকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় শুক্রবার ওই হামলা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে সহিংসতা বেড়ে যাওয়ার পেছনে সরকার দেশীয় দুটি গোষ্ঠীকে দায়ী করছিল। এসব সহিংসতা ছিল কোনো ব্যক্তিবিশেষের ওপর হামলার ঘটনা। অধিকাংশ হামলা চালানো হয় চাপাতি ও ধারালো ছুরি দিয়ে। এগুলো কখনোই সমন্বিত গণহত্যা ছিল না।
তাই সন্ত্রাস দমনবিষয়ক কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেস্তোরাঁয় ঝোড়োগতিতে জঙ্গিদের প্রবেশ ও রাতের খাবারের জন্য উপস্থিত হওয়া অতিথিদের জিম্মি করা, দৃশ্যত বিদেশিদের বেছে বেছে হত্যা এবং শেষমেশ বন্দুকযুদ্ধ দিয়ে পরিসমাপ্তি এ দেশে সন্ত্রাসী হামলায় এক নতুন পর্যায়ের আধুনিকতা ও মাত্রাকেই তুলে ধরেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেছেন, ‘হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত তা আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। তবে তারা সুপ্রশিক্ষিত সন্ত্রাসী।’
পুলিশের সন্ত্রাস দমন শাখার একজন কর্মকর্তা বলেন, ওই ঘটনার আগে হামলাকারীরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার কাছ থেকে কোনো নির্দেশনা পেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গুলশানের ঘটনা তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেসব হামলা হয়েছে সেগুলোর অংশ নাকি হামলাগুলোর মাধ্যমে উৎসাহিত হয়ে এটি ঘটানো হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
গুলশানে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করেছে আইএস। এমনকি যখন জিম্মি ঘটনা চলছিল, তার মধ্যেই এই গোষ্ঠী রেস্তোরাঁর ভেতরের ভয়াবহ ছবি প্রকাশ করে। হামলাকারী জঙ্গিরাই দৃশ্যত ছবিগুলো পাঠিয়েছে। যদিও এখন পর্যন্ত এসব দৃশ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করা যায়নি।
যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র বলেছে, মার্কিন সরকারের কিছু বিশেষজ্ঞ আইএসই যে এ হামলা ঘটিয়েছে, সেই মতের দিকে ঝুঁকছেন। হামলার ঘটনাটিতে নিহত ব্যক্তিদের মধ্যে একজন মার্কিন নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অন্তত নয়জন ইতালীয় ও সাতজন জাপানি নাগরিক।
আল-কায়েদা নাকি আইএস: মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কোনো বিদেশি জঙ্গি নেই বলে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল। যদিও কিছুসংখ্যক পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ এ দাবির ব্যাপারে প্রশ্ন তুলছিলেন।
কর্মকর্তারা বলছেন, শুক্রবার রাতের হামলা ও জিম্মি করার ঘটনায় জড়িত সাতজন অস্ত্রধারীর সবাই বাংলাদেশের স্থানীয়। দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে ব্লগার, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজনের ওপর যে হামলা হয়েছে, তার জন্য দেশীয় দুই প্রধান জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়। গুলশানের হামলাকারীরা এদের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো পরিষ্কার নয়।
দেশীয় এই দুই জঙ্গিগোষ্ঠীর মধ্যে আনসার-আল-ইসলামকে তুলনামূলকভাবে বেশি সংগঠিত ও বিপজ্জনক বলে ধারণা করা হয়। গোষ্ঠীটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। অন্যদিকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এ দেশে আইএসের প্রতিনিধিত্ব করার দাবি করেছে।
বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিকতম হামলার ঘটনাটিতে কোনো বিদেশি জঙ্গি যদি জড়িত না-ও থেকে থাকে, যারাই এটি ঘটিয়েছে, তারা দৃশ্যত বিদেশি সমর্থনপুষ্ট।
এ ব্যাপারে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ নিরাপত্তা বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, এ হামলায় এমন এক মাত্রার আধুনিকতা রয়েছে, যা সন্ত্রাসী হামলা পরিচালনার পরিকল্পনা করায় সুপ্রশিক্ষিত লোকজনের যুক্ত থাকার ইঙ্গিত দেয়। আর এমন দক্ষতা আইএস ও আল-কায়েদার রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আশফাক চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, একটি একে-২২ আধা স্বয়ংক্রিয় বন্দুক, চারটি অবিস্ফোরিত বোমা ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রেস্তোরাঁয় সাধারণ মানুষকে হামলার নিশানা বানানোর ঘটনা দৃশ্যত জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে বেশি উপযুক্ত। গোষ্ঠীটি তাঁর হামলার লক্ষ্যবস্তু করেছে অমুসলিম, এমনকি দরিদ্র রিকশাচালক বা মুদি দোকানিকেও। বিপরীতে, আনসার-আল-ইসলাম বিশেষত তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে কথিত ইসলামবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিদের। যেমন ব্লগার ও সমকামীদের অধিকার নিয়ে কাজ করা কর্মীদের। গোষ্ঠীটি এ-ও বলেছে, তারা লক্ষ্যহীন বা এলোমেলো হামলা চালাবে না।
বাংলাদেশের সন্ত্রাস দমনবিষয়ক কর্মকর্তারা বলছেন, আনসার-আল-ইসলাম সংগঠনটি আল-কায়েদার আদর্শ ও পদ্ধতি অনুসরণ করে। তাদের দলে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের এই ভূমিকা সংগঠনটিকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
তবে বিদেশি ও স্থানীয় বিশেষজ্ঞরা বাংলাদেশে আল-কায়েদা এবং আইএস বা এ দুই সংগঠনের প্রতিনিধিত্বকারী স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার হুমকিও দেখছেন।