বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেল জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে গতকাল শনিবার ভারতের জ্বালানিবাহী লরির প্রথম চালান ত্রিপুরায় গেছে।

গতকাল বিকেল চারটার দিকে জ্বালানিবাহী ১০টি লরি ভারতের মেঘালয়ের ডাউকি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

সিলেটের তামাবিল চেকপোস্টে এসে আনুষ্ঠানিকতা শেষে লরিগুলো শমসেরনগর হয়ে রাত ১১টার দিকে চাতলাপুর চেকপোস্টে পৌঁছায়।

দিবাগত রাত ১২টার দিকে লরিগুলো সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার মনু চেকপোস্ট দিয়ে কৈলাস্বরে যায়।

ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে লরিগুলো গ্রহণ করেন। তিনি বলেন, এর মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্প্রীতি আরও সুদৃঢ় হলো। এভাবে প্রয়োজনের তাগিদে দুই দেশের উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।

ভারী বৃষ্টি ও ভূমিধসে আসাম থেকে ত্রিপুরার রাস্তা নষ্ট হওয়ায় সেখানে জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুরোধ জানায় ভারত। বাংলাদেশ মানবিক কারণে ভারতের ওই অনুরোধে সাড়া দেয়।

জ্বালানি পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে দুই প্রতিবেশী দেশ গত ১৮ আগস্ট একটি সমঝোতা স্মারক সই করে।