বাংলাদেশ ১০৩তম সমৃদ্ধিশালী দেশ
বিশ্বের সমৃদ্ধিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩তম। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লেগাটুম ইনস্টিটিউট ১৪২টি দেশকে নিয়ে এই তালিকা তৈরি করেছে। তালিকায় সবচেয়ে সমৃদ্ধিশালী দেশ নরওয়ে। টানা পাঁচ বছর ধরে দেশটি একই অবস্থানে আছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ইউরোপেরই দেশ সুইডেন ও ডেনমার্ক। যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো শীর্ষ ১০ থেকে নেমে ১২তম স্থানে এসেছে। যুক্তরাজ্য ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। এবার দেশটি আছে যুক্তরাষ্ট্রের পর ১৩তম স্থানে।এশিয়ার দেশগুলোর মধ্য থেকে শীর্ষ ২৫-এ আছে হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান ও জাপান। তাদের অবস্থান যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২২। এ ছাড়া ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ভালো করেছে।বাংলাদেশের চেয়ে মাত্র দুই ধাপ এগিয়ে ১০১তম স্থানে আছে ভারত। আর পাকিস্তানের অবস্থান প্রায় তলানিতে ১৩২তম স্থানে।অর্থনীতি, শিক্ষা, উদ্যোগ ও সুযোগ, শাসনব্যবস্থা, স্বাস্থ্য, নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা ও সামাজিক পুঁজি—এই আটটি বিষয় বিবেচনায় নিয়ে সমৃদ্ধিশালী দেশের এই তালিকা তৈরি করা হয়।লেগাটুম ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জেফারি জেডমিন বলেন, ‘সমৃদ্ধির এই সূচক থেকে আমরা এটা বলতে পারি, একটি দেশকে সত্যিকার সমৃদ্ধিশীল হতে হলে কী প্রয়োজন হয়। সম্পদগত সমৃদ্ধির সঙ্গে দেশের নাগরিকের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বোধ এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতাকে যোগ করে এই তালিকা তৈরি করা হয়। একটি দেশ কতটা সমৃদ্ধ তা শুধু জিডিপির ভিত্তিতে বোঝা সম্ভব নয়।’ ডেইলি মেইল, হাফটন ডটকম।