বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ইসলামকে কলঙ্কিত করে জঙ্গিবাদের নামে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ইসলামের নামে কালিমা লেপন করে একের পর এক মুসলিম দেশগুলোকে সন্ত্রাসী ও জঙ্গিরাষ্ট্র বানানো হচ্ছে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে কওমি মাদ্রাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। কওমি শিক্ষা সনদের স্বীকৃতি মাইলফলক হয়ে থাকবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার দিকে যখন আঙুল তুলে বলা হতো, ‘এরাই জঙ্গি তৈরি করে, তখন আমি দাঁড়িয়ে বলতাম, কখনোই না। ইসলামকে যারা পছন্দ করে, যারা মুসলমান, যারা ধর্মের শিক্ষা দেয়, তাঁরা কোনো দিন এ কাজ করতে পারে না। ধর্মের নামে যারা অধর্মের কাজ করে, ইসলামের নামে যারা জঙ্গিবাদে লিপ্ত হয় আর ব্যবসা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।


সাভারের বেদেপল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী: আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাভারের অমরপুরের বেদে গ্রামে উত্তরণ ফ্যাশন, উত্তরণ শো-রুম ও উত্তরণ কোচিং সেন্টার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অমরপুর মাঠে আয়োজিত আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। এখনকার পুলিশ জনবান্ধব পুলিশ। তারা মানুষের হৃদয় দখল করেছে। তিনি আরও বলেন, পুলিশ একটি আস্থার জায়গায় চলে এসেছে। তারা জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত হচ্ছে। তার অন্যতম উদাহরণ সাভারের এই বেদেপল্লি।
চার বছর আগেও ঢাকার সাভার উপজেলার বংশী নদীর তীরে পোড়াবাড়ি, অমরপুর, কাঞ্চনপুর ও বাড্ডা গ্রামের একাংশ নিয়ে গড়ে ওঠা বেদেপাড়ার পরিচিতি ছিল ‘মাদকের হাট’ হিসেবে। বেদে সম্প্রদায়ের লোকজন মাদক ব্যবসার পাশাপাশি গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখাত। বিক্রি করত তাবিজ-কবজ আর কবিরাজি ওষুধ। মাত্র চার বছরের ব্যবধানে তারা মাদক আর নিজেদের বাপ-দাদার পেশা বদল করে ঘুরে দাঁড়িয়েছে। তাদের এই ঘুরে দাঁড়ানোর পেছনে নিরন্তর কাজ করে চলেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাবিবুর রহমান।
আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মজিবর রহমান, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান আবুল বাশার, সাভার পৌরসভার মেয়র আবদুল গনি প্রমুখ।