বাংলাদেশকে অবশ্যই এ ঘটনার বিচার করতে হবে: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও এ ঘটনার ভিডিওচিত্র অনলাইনে পোস্ট করার ঘটনায় অপরাধীদের বিচার বাংলাদেশকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আজ মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে গত ৪ অক্টোবর ওই ভিডিওটি পোস্ট করা হয়। তাতে দেখা গেছে প্রায় আধা ঘণ্টা ধরে একজন নারীর ওপর নির্যাতন চালায় পাঁচজন পুরুষ। ধারণা করা হচ্ছে, গত ২ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। দেশটিতে নারীর বিরুদ্ধে সহিংসতার লাগাতার ঘটনার এটি সাম্প্রতিকতম ঘটনা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বাংলাদেশি নারীরা নিয়মিতভাবে কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, তার একটা ধরন এই  ভিডিওতে দেখা গেছে। এখানে এসব ঘটনার বেশির ভাগের ক্ষেত্রে বিচার ব্যবস্থা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।’ তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়া চলবে না—বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই তাৎক্ষণিকভাবে একটি নিবিড় ও নিরপেক্ষ তদন্ত চালাতে হবে। এই হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের ন্যায়বিচারের মুখোমুখি করতে হবে এবং সে ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান  চলবে না।’

বাংলাদেশ সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের দেওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী, ২০০১ থেকে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত নারী ও শিশু আইন-২০০০ -এর আওতায় নারী ও শিশুর বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে মাত্র ৩ দশমিক ৫৬ শতাংশের ক্ষেত্রে আদালতে রায় হয়েছে। আর মামলাগুলোর মধ্যে মাত্র ০ দশমিক ৩৭ শতাংশের ক্ষেত্রে দণ্ডাদেশ হয়েছে। স্থানীয় নারী অধিকার সংগঠন নারীপক্ষ বলছে, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে ছয়টি জেলায় ধর্ষণের অভিযোগে ৪ হাজার ৩৭২ মামলা হয়েছিল এবং এগুলোর মধ্যে মাত্র ৫ জন ব্যক্তি দোষী বলে সাব্যস্ত হয়েছিল। স্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশে কমপক্ষে ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণের ঘটনা ছিল ২০৮টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো ও সুশীল সমাজ মনে করে, দোষীদের চিহ্নিত করে চূড়ান্ত রায় কম হওয়ার কারণ হলো অপরাধের বিচার ব্যবস্থায় ত্রুটি এবং দুর্বল তদন্ত ও প্রমাণাদি সংরক্ষণ প্রক্রিয়া। ঘটনার শিকার নারী ও সাক্ষীদের সুরক্ষায় নিয়মিতভাবে ব্যর্থ হওয়াটাও একটি বড় উদ্বেগের বিষয় বলে তারা মনে করছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে উল্লেখ করেছে, সিলেটের এমসি কলেজে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা এবং তাতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মীদের জড়িত থাকার বিষয়টিও।