বাংলাদেশকে আরও এগোতে হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ আজকে যতটুকু এগিয়ে যাওয়া উচিত ছিল, ততটুকু এগোয়নি। আরেক ধাপ সামনে এগোতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘দাবি দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আরও শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি করতে হবে, যেখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের উৎপাত থাকবে না। আরও সুশাসনের বাংলাদেশ তৈরি করতে হবে, যেখানে দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি থাকবে না। আমরা মনে করি, বাংলাদেশের মানুষকে উন্নয়নের স্বাদ, গণতন্ত্রের স্বাদ, মুক্তিযুদ্ধের চেতনার স্বাদ ভোগ করতে হলে শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুশাসনের বাংলাদেশ দরকার। এ জন্য জঙ্গিবাদের দমন করতে হবে, বৈষম্যের অবসান করতে হবে।’ 
ইনু আরও বলেন, বাংলাদেশকে যদি উন্নয়ন ও শান্তির পথে নিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের জঙ্গিবাদের পাহারাদার, আগুন–সন্ত্রাসী খালেদা জিয়া ও বিএনপি বর্জন করুন। বৈষম্যের অবসান করে সমাজতন্ত্র কায়েমের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। জাসদ কোনোভাবেই জঙ্গিবাদ কিংবা আগুন–সন্ত্রাসের সঙ্গে কাউকেই মিটমাট করতে দেবে না বলেও জানান তিনি।
জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘একটি শোষণহীন বাংলাদেশ এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি।’
জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে মিছিল আগে সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের সহসভাপতি হাবিবুর রহমান শওকত, ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহিদুল ইসলাম, পশ্চিমের সভাপতি মাইদুর রহমান প্রমুখ।
পরে মিছিল বের করে জাসদ। হাসানুল হক ইনুসহ জাসদের কেন্দ্রীয় নেতারা এতে নেতৃত্ব দেন। মিছিলটি জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট-পুরানা পল্টন-বায়তুল মোকাররম হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে ফেরত আসে।