বাংলাদেশকে এক বিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপুলসংখ্যক শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারকে আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানে সেবাদান ও বিনিয়োগসহায়ক পরিবেশ তৈরিতে উৎসাহ জোগাতে ২০১৫ সাল পর্যন্ত এক বিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। ফলে আগামী চার বছরে বাংলাদেশে ব্রিটিশ সাহায্যের পরিমাণ বার্ষিক ১৫০ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ২৫০ মিলিয়ন পাউন্ড হবে।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) প্রধান ক্রিস অস্টিন গতকাল রোববার বাংলাদেশে তাঁদের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে এ তথ্য জানান। তিনি যুক্তরাজ্যের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন।ক্রিস বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সাহায্য সংস্থাকে যুক্ত রাখার প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে এনজিও কর্মকাণ্ডে আগামী দিনগুলোতে তদারকি বাড়বে।