বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতা হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘আমরা ইতিমধ্যে নগরবাসীর নিরাপত্তার লক্ষ্যে ৬০০ সিসি ক্যামেরা স্থাপন করেছি। আরও ৫০০ স্থাপনের কাজ চলছে এবং উত্তর সিটিতে প্রায় তিন হাজার ক্যামেরা স্থাপন করা হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সংকটের মধ্য দিয়ে দেশ পরিচালনা করে শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সন্ত্রাসীদের দমনে আমরা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন ও উঠান বৈঠক করছি। ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত সব কাউন্সিলর, থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।