চলতি বছর আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে বাংলাদেশকে তিন লাখ টন গম দেবে রাশিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ৫০ কোটি টাকা বা ৫০ লাখ ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। গতকাল বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে রাশিয়া ও ইইউ প্রতিনিধিদলের সদস্যরা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে এসে এ আশ্বাস দেন।বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাডি পি ট্রেটসেনকো গতকাল খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে যে দামে গম কিনছে, রাশিয়ার সঙ্গে সরকারি পর্যায়ের চুক্তি হলে তার চেয়ে কম দামে গম দেওয়া সম্ভব। এ চুক্তির আওতায় রাশিয়া বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতেও সহায়তা দেবে। এ ছাড়া দুর্যোগ ও আপত্কালে বিশেষ সহাতয়া দেবে।রাশিয়ার রাষ্ট্রদূত জানান, কৃষি উত্পাদনে সাফল্যের জন্য তাঁর দেশ প্রতিবছর প্রচুর গম রপ্তানি করে। এ বছর রাশিয়ায় প্রচুর উদ্বৃত্ত গম রয়েছে। দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হলে রাশিয়া উদ্বৃত্ত গম বাংলাদেশে রপ্তানি করতে পারবে এবং বাংলাদেশ কম দামে গম কিনতে পারবে। এই চুক্তির আওতায় যেকোনো সংকটকালে রাশিয়া বাংলাদেশকে খাদ্যসহায়তা দেবে। তিনি বলেন, বাংলাদেশ আগ্রহ দেখালে তাঁর দেশ এ বিষয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেবে।খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ টন দেশে উত্পাদিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে গমের উত্পাদন কমে গেছে। এ কারণে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিবছর প্রায় ২০ লাখ টন গম আমদানি করতে হয়। সরকারি উদ্যোগে এ বছর সাড়ে সাত লাখ টন গম কেনা হচ্ছে।খাদ্যমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতের প্রস্তাবকে অভিনন্দন জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৪০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই বিপুলসংখ্যক লোকের খাদ্যনিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হয়। সরকার খাদ্যনিরাপত্তার জন্য বেসরকারি উদ্যোক্তাদের ওপর নির্ভর করতে চায় না। কারণ সংকটময় পরিস্থিতিতে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে দরিদ্র জনগণের কষ্ট বেড়ে যায়।পরে খাদ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইইউর রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন স্টেফান ফ্রোয়েন সাক্ষাত্ করেন। এ সময় রাষ্ট্রদূত জানান, আইলা-দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ইইউ ৪০ লাখ ইউরো সহায়তা দিয়েছে। আরও ৫০ লাখ ইউরো সহায়তা দিতে প্রস্তুত। এ বিষয়ে তিনি মন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং আইলা-দুর্গত এলাকার ক্ষতগ্রিস্ত বাঁধ পুনর্নির্মাণের অগ্রগতির বিষয়ে জানতে চান। খাদ্যমন্ত্রী আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কাজ করতে ইইউকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণে সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড মেরামতকাজের জন্য দরপত্র আহ্বান করেছে। বিষয়টিকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।