বাংলাদেশকে করোনা সুরক্ষাসামগ্রী দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে এই করোনা সুরক্ষাসামগ্রী তুলে দেন।
ছবি: সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষাসামগ্রী দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এই চিকিৎসা সমঞ্জাম দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে এই করোনা সুরক্ষাসামগ্রী তুলে দেন।

যুক্তরাষ্ট্রের দেওয়া এই চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা দানকারী পেশাজীবী ও অন্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।

এর আগে যুক্তরাষ্ট্রের করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ উপলক্ষে ইউএসএআইডির মামণি, মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্পের ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যানডেমিকের সহায়তায় অনলাইন ওয়েবিনারের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘আজকে কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সংকট একসঙ্গে কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মীরজাদী সেব্রিনা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।