প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক চাষাবাদের মাধ্যমে বাংলাদেশকে একটি খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করতে কঠোর পরিশ্রমের জন্য কৃষিবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ধানের উত্পাদন বৃদ্ধিতে আরও লবণাক্ততা, খরা ও বন্যাসহিষ্ণু নতুন নতুন জাতের ধান উদ্ভাবনেরও আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে ইনস্টিটিউশনের চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের সীমিত কৃষি জমিতে পর্যাপ্ত খাদ্য উত্পাদন নিশ্চিত হলে বাংলাদেশের মানুষের খাদ্যসংকট থাকবে না। তিনি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাকার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু নিজেদের চাহিদা পূরণ নয়, চাল যাতে রপ্তানিও করা যায় তেমন লক্ষ্য নিয়ে আমাদের উত্পাদন বাড়াতে হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ মো. ওয়াসিউজ্জামান আকন্দ ও সাধারণ সম্পাদক কৃষিবিদ এ এফ এম বাহাউদ্দিন নাছিম বক্তৃতা করেন।অনুষ্ঠানে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাত কৃষিবিদকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউশনে পৌঁছালে সংগঠনের সভাপতি কৃষিবিদ মো. ওয়াসিউজ্জামান ও সাধারণ সম্পাদক কৃষিবিদ এ এফ এম বাহাউদ্দিন নাছিম তাঁকে স্বাগত জানান।