বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার ভাবে চীন : সি চিন পিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সি চিন পিং
সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে চীন।
আজ শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন।
সি চিন পিং বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক আস্থা, দুই দেশের সম্প​র্ক এগিয়ে নেওয়া ও বাস্তবসম্মত সহযোগিতা আরও উচ্চপর্যায়ে নিতে বাংলাদেশের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।’
প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে রয়েছেন। গত ৩০ বছরের মধ্যে চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশ সফর করছেন। কম্বোডিয়া সফর শেষে আজ বিশেষ বিমানে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সফর শেষে কাল শনিবার তিনি অষ্টম ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের গোয়ার উদ্দেশে রওনা দেবেন।
বিবৃতিতে সি চিন পিং বলেন, ৪১ বছর ধরে বিদ্যমান বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্ক আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
চীন ও বাংলাদেশ উন্নয়নের দিকে ক্ষেত্রে একইভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সি চিন পিং বলেন, চীনের স্বপ্ন হচ্ছে, বাংলাদেশের স্বপ্ন ‘সোনার বাংলার’ সঙ্গে নিবিড় সংহতির মাধ্যমে পুরো চীনকে তেজোদীপ্ত করা।
সি চিন পিং আরও বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ও ভবিষ্যৎ​ সহযোগিতার ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য দলের নেতাদের সঙ্গে বিশদ আলোচনা হবে; যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা করবে।