বাংলাদেশকে ডুবোজাহাজ দেবে চীন
বাংলাদেশের কাছে ডুবোজাহাজ (সাবমেরিন) বিক্রি করবে চীন। পাকিস্তানের কাছেও দেশটি ডুবোজাহাজ বিক্রি করবে। এ ব্যাপারে চুক্তি হয়েছে। গতকাল শনিবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়।
পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, চীন যে সময় বাংলাদেশ ও পাকিস্তানে ডুবোজাহাজ পাঠানোর চুক্তি করেছে, ঠিক সে সময়েই প্রকটভাবে ডুবোজাহাজ-সংকটে আছে ভারত।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জেনস উইকলির খবরে বলা হয়, পাকিস্তান ছাড়াও বাংলাদেশের কাছে দুই ধরনের ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজ বিক্রি করবে চীন। ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর কাছে ডুবোজাহাজ হস্তান্তরের অঙ্গীকার করেছে চীন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চট্টগ্রামে নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’ ও ‘আলী হায়দার’ নামফলক উন্মোচনকালে বলেন, নৌবাহিনীর বহরে দুটি ডুবোজাহাজ সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ২০১৫ সালের শেষ নাগাদ এই দুটি ডুবোজাহাজ যুক্ত হবে। চীনে নির্মাণাধীন অত্যাধুনিক দুটি করভেটও আগামী বছরে নৌবহরে যুক্ত হবে বলে তিনি জানান।