বাংলাদেশকে থাইল্যান্ড বানানোর ষড়যন্ত্র চলছে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে থাইল্যান্ডের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, তাদের (বিএনপির) রাজনীতি সব সময়ই ষড়যন্ত্রের।

স্বাধীনতাবিরোধীদের নিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করেছেন। ট্রেনের ফিসপ্লেট উঠিয়ে দিয়ে ও গাড়িতে আগুন দিয়ে নিরীহ গাড়িচালকদেরও হত্যা করেছেন। তাঁদের ষড়যন্ত্র থেমে নেই। তাঁরা এখন বাংলাদেশকে থাইল্যান্ডের মতো করতে চান। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশরত্ন পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নিজের ও দলের গন্ধ নেন। নিজের দলে পচন ধরে উত্কট গন্ধ বেরোচ্ছে। নেতাদের মাঝে পচন ধরেছে। আপনি বলেছেন, শুদ্ধি অভিযান চালাবেন। এখনই ওই অভিযান চালিয়ে নিজের দলকে পচন থেকে রক্ষা করুন। যাদের কারণে আজ আপনার দলে পচন ধরেছে, তাদের সঙ্গ ত্যাগ করুন।’


গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগে আরও পচন ধরলে তাঁর দল আন্দোলনে নামবে। খালেদা জিয়ার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী এই বলেন, বিএনপির নেতা অনেক আলটিমেটাম দিয়েছেন। কোনোটাই কাজে আসেনি। তাঁদের পচা নেতারা আন্দোলনে আসেননি।

হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া গতকাল প্রকৃতপক্ষে হাইকোর্টের সামনে সমাবেশ ডেকেছিলেন। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে সমাবেশ ডাকা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো ও অবমাননার শামিল। এই নির্দেশনা উপেক্ষা করে তিনি যে সমাবেশ ডেকেছেন এ জন্য তিনি আদালতের কাছে অভিযুক্ত।

সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের নেতা জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।