সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে সৌদি সরকার।সৌদি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সালকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সৌদি আরব নিশ্চিত ছিল যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুষ্কৃতকারীদের শনাক্ত করবে ও আইনের আওতায় নিয়ে আসবে।’ প্রিন্স সউদ এ জন্য সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, দুষ্কৃতকারীরা এই জঘন্যতম অপরাধের জন্য যথাযথ শাস্তি পাবে।গত ৫ মার্চ রাতে গুলশানে নিজের বাসার কাছেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে খুন হন সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। দীর্ঘদিন এ ঘটনার রহস্য সমাধানে অগ্রগতি হয়নি। গত বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, খালাফ হত্যাকাণ্ডে ব্যবহূত রিভলবার ও গাড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজন পেশাদার অপরাধীকে।ডিবির উপকমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম গতকাল বলেন, গত বৃহস্পতিবার ডিবি কর্মকর্তাদের একটি দল ঢাকার সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুসাইরির সঙ্গে সাক্ষাৎ করে। রাষ্ট্রদূত তখন খালাফ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন।