এ বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় বিদেশিদের ওপর জঙ্গি হামলার পর অনেক বিদেশিই ঢাকা সফর বাতিল করেছিলেন। কিন্তু পাঁচ মাস পর অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (জিএফএমডি) অংশ নিতে প্রায় তিন শ বিদেশি এখন ঢাকায়। ঢাকায় কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আজকালের মধ্যে আরও কয়েক শ বিদেশি প্রতিনিধি আসবেন। বাংলাদেশ আশা করছে, এই সম্মেলনের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশকে চিনবেন বিদেশিরা।
অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। ২০০৭ সালে বেলজিয়ামে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৮ সালে ফিলিপাইনে, ২০০৯ সালে গ্রিসে, ২০১০ সালে মেক্সিকোতে, ২০১১ সালে সুইজারল্যান্ডে, ২০১২-১৩ সালে মরিশাসে, ২০১৩-১৪ সালে সুইডেনে ও ২০১৫ সালে তুর্কিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নবম সম্মেলন। আগামী সম্মেলন হবে জার্মানিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসন ও বৈশ্বিক শরণার্থী পরিস্থিতির বর্তমান-ভবিষ্যতের করণীয় নানা বিষয়ে সিদ্ধান্ত হবে এবারের এই সম্মেলনে। কাল ৮ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর অভিবাসন নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিবাসন, উন্নয়ন ও সুশাসনসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন। নাগরিক প্রতিনিধিদের এ আলোচনার সারবস্তু উঠে আসবে সরকারি প্রতিনিধিদলের বৈঠকে। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সরকারি পর্যায়ের ওই আলোচনা।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন। জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক বিশেষ প্রতিনিধি গ্রেগরি মানিয়াতিস, ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লাকসমি পুরি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী এবং স্থানীয় সরকারমন্ত্রীও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১২ ডিসেম্বর অধিবেশনের সমাপনী ঘোষণা করবেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের প্রায় এক কোটি লোক বিদেশে কাজ করছে। স্থায়ী অভিবাসী আছে আরও কয়েক লাখ। কাজেই আজকের বিশ্বে অভিবাসন নিয়ে যে আলোচনা, বাংলাদেশ তাতে নেতৃত্ব দিচ্ছে। জিএফএমডি আয়োজন সেই নেতৃত্বের প্রমাণ। আমরা আশা করছি, উন্নয়ন, অভিবাসন ও শরণার্থীবিষয়ক সব সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসবে এবারের জিএফএমডি সম্মেলনে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সম্মেলনে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনসহ অন্তত ২০টি দেশের মন্ত্রীরা আসছেন। প্রায় অর্ধশত দেশের সচিবেরা আসছেন। থাকবেন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জিএফএমডির এবারের চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘এত বড় আন্তর্জাতিক সম্মেলন এর আগে আয়োজন করেনি বাংলাদেশ। তবে সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ পররাষ্ট্রসচিব বলেন, ‘এবারের জিএফএমডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে বিশ্ব সম্প্রদায় অভিবাসন ইস্যুতে একটি গ্লোবাল কমপ্যাক্ট প্রণয়নে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এটা বাংলাদেশের প্রস্তাবিত একটি বৈশ্বিক চুক্তি। এর মাধ্যমে অভিবাসন, শরণার্থী ও মানব পাচারবিষয়ক সমস্যার সমাধান খোঁজা হবে। ২০১৮ সালে বিশ্বনেতারা এ চুক্তিটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। এবারের জিএফএমডি সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসবে।’ প্রথম আলোর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘ইরাক, লিবিয়াসহ বিভিন্ন দেশে সহিংসতা চলছে। এসব পরিস্থিতিতে অভিবাসীদের কী হবে, কীভাবে তাদের উদ্ধার করা হবে, সেসব নিয়েও আলোচনা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের জিএফএমডিতে প্রথমবারের মতো বাংলাদেশ, সুইজারল্যান্ড, সুইডেন ও তুরস্কের ব্যবসায়ী সম্প্রদায় যুক্ত হচ্ছে। এবারের সম্মেলনে কানেকটিভিটি ইস্যুকেও অভিবাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
অবশ্য জিএফএমডি সম্মেলন শুরুর আগেই ৩ ডিসেম্বর থেকে ঢাকায় বিদেশি প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। তাঁরা পিপলস গ্লোবাল অ্যাকশন ফোরামের (পিজিএ) দুই দিনব্যাপী অধিবেশনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, কানাডা, মিশর, লেবানন, বাহারইনসহ ২৫ দেশের প্রায় তিন শ বিদেশি এই অধিবেশনে যোগ দিয়েছেন। পিজিএর এবারের আয়োজনের সমন্বয়ক উইলিয়াম গোয়েজ প্রথম আলোকে বলেন, ৮ ডিসেম্বর থেকে জিএফএমডির নাগরিক সম্মেলন শুরু হবে। ওই সম্মেলনে পিজিএর ঘোষণাগুলো তুলে ধরা হবে।
এবারের সম্মেলনে অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসন—এই তিনটিকে মূল ধরে মোট ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। অভিবাসন খরচ, মানুষে মানুষে যোগাযোগ, অভিবাসীদের গন্তব্য, অভিবাসীদের স্বার্থরক্ষা, সাংঘর্ষিক পরিস্থিতি ও দুর্যোগ চলাকালে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, নিরাপদ অভিবাসনের জন্য করণীয় এমন বিষয়গুলো নিয়ে এই সম্মেলনে আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
শুধু যে আলোচনা অনুষ্ঠানই হবে, তা-ই নয়, বিদেশি অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেনা মালঞ্চে। এই সম্মেলনের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুন করে বিশ্ব চিনবে বলে মনে করেন জিএফএমডি বাংলাদেশের নাগরিক কমিটির সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার। তিনি প্রথম আলোকে বলেন, ‘শ্রম অভিবাসন, অভিবাসন, শরণার্থী সমস্যা—এগুলো এখন কোনো একক দেশের সমস্যা নয়। এগুলো বৈশ্বিক সমস্যা। সবাই মিলেই এসব সমস্যার সমাধান করতে হবে। এই সম্মেলন সে ক্ষেত্রে একটা বিরাট সুযোগ। এ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বাড়বে।’