বাংলাদেশের শ্রমবাজার অল্প কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। কাজেই নতুন নতুন শ্রমবাজারের সন্ধানে বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়া দরকার। অন্যথায় প্রতিবেশী দেশগুলো সেসব বাজার দখল করে ফেলবে। অভিবাসন বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেছেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক এবং অভিবাসন বিশেষজ্ঞরা। গতকাল সোমবার বিআইডিএসের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষক কাজী ইকবাল ও মুহাম্মদ ইউনুস। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিআইডিএসের মহাপরিচালক আসাদুজ্জামান বলেন, এখন সারা বিশ্বে দক্ষ শ্রমিকের চাহিদা। কিন্তু বাংলাদেশে শ্রমিকদের দক্ষ করে তোলার মতো যথেষ্ট সুযোগ নেই।