বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে ফেনীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-জামায়াত দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ চালাচ্ছে বলে দাবি করেন তিনি। সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
গতকাল রোববার বিকেলে ফেনী জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তারা মনে করেছিল, অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে দেশের ক্ষমতায় আসবে। কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাসের পথ বেছে নেওয়ায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ না নেওয়ার ভুল তারা আর করবে না। সময়মতো ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবে বিএনপি।
শহরের পৌরসভা চত্বরে গতকাল বেলা তিনটায় সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। দীর্ঘ ১৪ বছর পর ফেনী জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
জেলা কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফুল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওমর ফারুক, আকবর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল গণি, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নারী সাংসদ জাহান আরা বেগম। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব সমীর চন্দ।
সম্মেলন শেষে এ বি এম সেলিমকে সভাপতি ও আশ্রাফুল আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাঁরা আগামী এক মাসের মধ্যে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে নেতারা জানান।