বাংলাদেশকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি তিনি সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান ও আল্লাহপ্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে বাংলাদেশের প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধনের দেশ হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে তিনি নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত ছাড়াও এ বাংলাদেশে গভীর অরণ্য, ছোট-বড় পাহাড়, সমুদ্র ও ধর্মীয় উপাসনালয়ের এক অনন্য সমন্বয় ঘটেছে, যা পর্যটকদের আকৃষ্ট করে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, পাশ্চাত্যের পর্যটকদের জন্য অনন্য পর্যটন জোন হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের সেবার মান উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের প্রতীক হিসেবে এ বিমানকে বিবেচনা করা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বক্তব্য দেন। বাসস