বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণচুক্তির আওতায় বাংলাদেশকে নতুন করে পাঁচ বিলিয়ন ডলার দিতে যাচ্ছে ভারত। এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এই ঋণের ঘোষণা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান গতকাল বুধবার বাংলাদেশ সফররত ভারতীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
মসিউর রহমান বলেন, ভারতের দেওয়া প্রথম দফার এক বিলিয়ন ডলারের পুরোটা বিভিন্ন প্রকল্পে খরচ হয়েছে। দ্বিতীয় দফার দুই বিলিয়ন ডলারে নানান প্রকল্পের কাজ চলছে। তৃতীয় দফার টাকায় কোন কোন প্রকল্প নেওয়া হবে, আপাতত তা খতিয়ে দেখা হচ্ছে। রেল, সড়ক, সড়ক ব্যবস্থাপনার যন্ত্রপাতি, যোগাযোগ অবকাঠামোসহ বেশ কিছু প্রকল্পের প্রস্তাব ভারত করেছে।
তিস্তার পানিবণ্টন চুক্তি আপাতত এই সফরে সই হচ্ছে না। তবে দুই প্রধানমন্ত্রীর আলোচনায় তিস্তা প্রসঙ্গ অবশ্যই থাকছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দেবেন গঙ্গা ব্যারাজ প্রকল্পে। গঙ্গা ব্যারাজ কেন প্রয়োজন, তা ভারতকে বাংলাদেশ বোঝাতে পেরেছে বলে জানান মসিউর রহমান। ভারত এই প্রকল্প নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে জানিয়ে মসিউর বলেন, তিন বিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের পানি ব্যবস্থার যেমন উন্নতি ঘটবে, তেমনি পরিবেশের সার্বিক উন্নয়ন হবে। দুই দেশের নদীর পানির লবণাক্ততাও বহুলাংশে কমে যাবে।
শুধু তিস্তা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় শেখ হাসিনা অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও অববাহিকা উন্নয়নের ওপর বিশেষ জোর দেবেন বলে জানান তাঁর (শেখ হাসিনা) রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘এই বিষয়ে তিস্তা, ব্রহ্মপুত্রসহ উত্তরের নদীগুলোর পানি ব্যবস্থাপনায় চীনকেও আলোচনায় নিয়ে আসা প্রয়োজন। আমরা শুনি, চীন বাঁধ দেওয়ায় ভারত ও বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর পানি বহুলাংশে কমে গেছে। এ নিয়ে ওদের সঙ্গেও কথা বলা প্রয়োজন।’
তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় মনোভাব প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘আমি আশ্চর্য হব না যদি দেখি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হস্তক্ষেপে সমাধান সূত্র পাওয়া যাচ্ছে। প্রণব-মমতা সম্পর্ক আমি জানি। মমতাকে প্রণব মেয়ের মতো ভালবাসেন। প্রধানমন্ত্রী থাকবেনও রাষ্ট্রপতি ভবনে। সেখানে আমন্ত্রণ জানানো হলে কে বলতে পারে হাসিনার সঙ্গে মমতার কথাও হতে পারে।’