বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের প্রতি জবাবদিহিমূলক দক্ষ সামরিক বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের জালালাবাদ সেনানিবাসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক-২’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, টাইগার শার্ক-২ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সহযোগিতার এক চমৎকার মাইলফলক। এই প্রশিক্ষণ বাংলাদেশ এবং এ আঞ্চলের নিরাপত্তার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, মার্কিন সেনাবাহিনীর দলনায়ক ক্যাপ্টেন ডাস্টিন ই ডেলকোর ও ১ প্যারাকমান্ডো ব্যাটালিয়নের কামান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসাইন।বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্যারাকমান্ডো ব্যাটালিয়নের ৫৭ জন এবং মার্কিন সেনাবাহিনীর নয়জন সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন। জালালাবাদ সেনানিবাসে গত ১১ এপ্রিল পাঁচ সপ্তাহের এ প্রশিক্ষণ শুরু হয়।