বাংলাদেশকে প্রাচ্য-পাশ্চাত্যের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লি­ষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ আহ্বান জানান। খবর বাসসের৷
প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান ও আল্ল­াহ প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে বাংলাদেশের প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধের দেশ হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে তিনি নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত ছাড়াও বাংলাদেশে গভীর অরণ্য, ছোট-বড় পাহাড়, সমুদ্র ও ধর্মীয় উপাসনালয়ের এক অনন্য সমন্বয় ঘটেছে; যা পর্যটকদের আকৃষ্ট করে থাকে।
শেখ হাসিনা বলেন, পাশ্চাত্যের পর্যটকদের জন্য অনন্য পর্যটন জোন হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে আন্তর্জাতিক ফ্লাইট অপারেটিং সুবিধাসহ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শেখ হাসিনা জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের সেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের প্রতীক হিসেবে এই বিমানকে বিবেচনা করা হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব খোরশেদ আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) জামাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানেরা ও সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ, যথেচ্ছাচার ব্যবহারে তা নষ্ট হচ্ছে৷ এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে আরও উদ্যোগী হতে হবে৷
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তাঁর সরকারের গ্রহণ করা প্রকল্পটি বাতিল করে সৈকতজুড়ে হোটেল-রেস্তোরাঁ গড়ে তোলার জন্য লিজ দিয়ে মেরিন ড্রাইভওয়ের পুরো পরিকল্পনা নষ্ট করে দেয়৷ তিনি বলেন, সরকার মহেশখালী দ্বীপে সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷