টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা পরিচালনার লক্ষ্যে বাংলাদেশকে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত দিতে সম্মত হয়েছে ভারত। দিল্লিতে আজ মঙ্গলবার দুই দেশের বিশেষজ্ঞ কমিটির দুই দিনের বৈঠক শেষে সমীক্ষার কার্যপরিধি চূড়ান্ত হচ্ছে। গতকাল সোমবার এই বৈঠক শুরু হয়েছে।বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মণিপুরে নির্মাণাধীন বৃহদায়তন জলবিদ্যুৎ প্রকল্পের সমীক্ষার জন্য কী কী তথ্য-উপাত্ত লাগবে, সে-সংক্রান্ত একটি তালিকা বৈঠকে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কীভাবে সমীক্ষা পরিচালনা করবে, সে সম্পর্কেও ভারতের সঙ্গে আলোচনা করেছে।এ ব্যাপারে ভারত কী প্রতিক্রিয়া দেখিয়েছে, জানতে চাইলে বাংলাদেশের ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রস্তাবিত তথ্য-উপাত্ত সরবরাহে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। বৈঠকের শেষ দিনে সমীক্ষার চূড়ান্ত কার্যপরিধি সই হবে। কার্যপরিধির আওতায় বাংলাদেশকে তথ্য-উপাত্ত দেওয়ার পাশাপাশি সমীক্ষায় কীভাবে সহযোগিতা দেওয়া হবে, সেটিও ভারত জানাবে। পাশাপাশি ওই কার্যপরিধিতে দুই দেশের কার কী ভূমিকা থাকবে সেটির সুস্পষ্ট উল্লেখ থাকবে। দুই দিনের এ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেন। আর ভারতের নেতৃত্ব দেন সে দেশের জেআরসির সদস্য দেবেন্দ্র শর্মা। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের কাছে তথ্য-উপাত্ত পাওয়ার পর সমীক্ষা পরিচালনার সময় টিপাইমুখ বাঁধের পরিপ্রেক্ষিতে বরাক অববাহিকার পানিসম্পদ, পরিবেশ, প্রতিবেশ, ভূমিকম্প, আর্থসামাজিক, কৃষি, মৎস্য চাষ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া হবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে সমীক্ষার পর প্রকল্পের ফলে কী কী উপকার হতে পারে এবং কী ধরনের বিরূপ প্রভাব পড়বে, তা কীভাবে প্রশমন করা যায় এ বিষয়ে অভিযোজনের পরিকল্পনা তৈরি করবে। বাংলাদেশের বিশেষজ্ঞরা একটি পরিকল্পনা-সমন্বিত প্রতিবেদন তৈরি করতে বছর দুয়েক সময় নিতে পারেন।প্রসঙ্গত টিপাইমুখ প্রকল্পের পরিবেশগত প্রভাব-সংক্রান্ত সমীক্ষায় শুধু প্রকল্পের জলাধারসংলগ্ন ১০ বর্গকিলোমিটারজুড়ে করা হয়েছে। অন্যদিকে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে করা সমীক্ষাতেও বিবেচিত হয়েছে প্রকল্প এলাকার আশপাশ। আর বাঁধে ফাটল-সংক্রান্ত সমীক্ষা চালানো হয়েছে প্রকল্পসংলগ্ন বদরহাট এলাকা পর্যন্ত। ফলে টিপাইমুখ বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্ষতি হবে কি না, সেটি উপেক্ষিত থেকেছে ভারত পরিচালিত সমীক্ষাতে। এ প্রেক্ষাপটেই বাংলাদেশের পক্ষ থেকে যৌথ সমীক্ষার প্রস্তাব দেওয়া হয়। যাতে শেষ পর্যন্ত সায় দেয় ভারত।যৌথ সমীক্ষা প্রত্যাখ্যান: টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ সমীক্ষা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ আন্তর্জাতিক সমীক্ষার দাবি জানিয়েছেন হাওরের মানুষের অধিকার নিয়ে কর্মরত ‘হাওর অঞ্চলবাসী’ নামের সংগঠনের প্রতিনিধিরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।উদ্যোক্তারা বলেন, দুই দেশের সরকার যেখানে টিপাইমুখ বাঁধ নির্মাণে কেবল লাভই দেখছে, সেখানে এ ধরনের যৌথ বৈঠক এবং যৌথ বিশেষজ্ঞ প্রতিবেদন পক্ষপাতদুষ্ট হতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সমীক্ষা না হচ্ছে এবং সেই সমীক্ষার ফলাফল জনসমক্ষে প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিপাইমুখ বাঁধ নির্মাণ স্থগিত রাখার দাবি জানান তাঁরা। সমাবেশে বক্তব্য দেন হাসনাত কাইয়ুম, ম. ইনামুল হক, নিয়াজ পাশা, আইনুন্নাহার সিদ্দিকা, শামসুদ্দোহা শোয়েব, খালেদ সানোয়ার, হাবিব রাজা প্রমুখ।