স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা দিনবদল চাই। বাংলাদেশকে বদলে দিতে চাই। বাংলাদেশকে বদলাতে হলে সবার আগে আওয়ামী লীগকে বদলাতে হবে। কারণ আওয়ামী লীগের ওপর জনগণের প্রত্যাশা অনেক। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশকে বদলে দিতে।’মন্ত্রী গতকাল শনিবার সন্ধ্যায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে ‘ডিজিটাল গাজীপুর বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘বিরোধী দলের ইস্যু তিনটি—খালেদা জিয়ার বাড়ি রক্ষা, তাঁর দুই ছেলের মামলা প্রত্যাহার এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। বিরোধী দলের এই অভিলাষের কথা জনগণকে জানাতে হবে। তাদের (বিরোধী দলের) ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে আমাদের প্রচার চালাতে হবে।’মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ভালো কাজ করি, কিন্তু আমাদের দুর্বলতা হলো, সেগুলোর প্রচার হয় না।’গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত এই সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের ওপর রূপকল্প উপস্থাপন করেন গাজীপুর-৪ আসনের সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ। চার ঘণ্টাব্যাপী উপস্থাপনায় তিনি গাজীপুরের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ভবিষ্যতে কীভাবে উন্নয়নের গতিধারায় শামিল হবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে ভূমিকা রাখবে, তা তুলে ধরেন।সেমিনারে আরও বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ, জাহানারা বেগম, সাবেক সাংসদ আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী।