বাংলাদেশকে বন্ধুপ্রতিম দেশ বললেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে একটি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে গতকাল বৃহস্পতিবার আখ্যা দিয়েছেন। তিনি আগামী মাসে তিন দিনের এক সফরে বাংলাদেশে আসবেন। খবর ইকোনমিক টাইমসের।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মমতা বলেন, ‘বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম দেশ এবং আমাদের প্রতিবেশী। দেশটির সঙ্গে আমরা সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছি।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে মমতা আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। মমতার এই আসন্ন ঢাকা সফর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত তিস্তার পানি বণ্টন চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। অবস্থান নিয়েছিলেন স্থলসীমা চুক্তির বিরুদ্ধেও। তিস্তা চুক্তির ব্যাপারে তাঁর সরকার নমনীয় অবস্থান নেওয়ার কোনো ইঙ্গিত না দিলেও দুই দেশের ছিটমহল বিনিময়ের জন্য প্রস্তাবিত স্থলসীমা চুক্তি মেনে নেওয়ার আভাস দিয়েছে।