বাংলাদেশকে বাড়তি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের মধ্যে বাংলাদেশকে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারত। এই সময়ের মধ্যে সার্ক গ্রিডের কাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এ সরবরাহ শুরু করা হবে বলে গত বুধবার এক খবরে জানিয়েছে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা।
খবরে উল্লেখ করা হয়, ভারতের পাওয়ার সিস্টেম অপারেশন করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ভি কে আগরওয়াল বলেছেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক নিবিড় হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গ্যাসভিত্তিক অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের ব্যবসায়িক সংগঠন পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সম্মেলনে বক্তব্যদানের পর সংগঠনটির বিবৃতিতে এ কথা জানানো হয়। ভি কে আগরওয়াল বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত এরই মধ্যে বাংলাদেশের কাছে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। ভারত সরকার সার্ক গ্রিডের কাজ সম্পন্নের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।