বাংলাদেশকে বিশ্বসেরা রাষ্ট্র করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ, গৎবাঁধা প্রাইভেট, পড়া আর পড়া। কত দিন? এভাবে কি জীবন চলে? অতএব সুযোগ আসতেই একেবারে কেতাবি আড্ডা। সেই গানের কথা মনে আছে? ‘হারিয়ে যেতে নেই মানা...’। এই গানের মতোই সিলেটের কৃতী শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে রীতিমতো আড্ডা-গানে হারিয়ে গেল গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।উপলক্ষ? প্রথম আলো এবং মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবির উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। এই অনুষ্ঠান ঘিরেই তো নগরের রিকাবীবাজার এলাকার সিলেট মিলনায়তনে বসেছিল সহস্রাধিক শিক্ষার্থীর মিলনমেলা।‘পুরো আয়োজনটা যেন একপশলা বৃষ্টি। চলমান জীবনের বাইরে ব্যতিক্রমী একটি দিন,’ বলছিল কৃতী শিক্ষার্থী তানজিনা আক্তার। মঞ্চে উঠে তো নিজের অনুভূতি জানাতে গিয়ে অদম্য মেধাবী সজীব দাস বলেই ফেলল, ‘অসাধারণ আয়োজন! ফলাফল প্রকাশের পরপর প্রথম আলো আমাকে অদম্য মেধাবী আখ্যা দিয়ে একটি প্রতিবেদন ছাপায়। আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি। ভবিষ্যতেও আপনাদের দোয়া আর আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই।’ শিক্ষার্থীদের কথা শোনার পরপর অদম্য মেধাবী নাজনীন ও সজীব দাসকে অর্থ-সহায়তা দেন শিক্ষানুরাগী সুরঞ্জিত তালুকদার ও মুন্সী মো. মিছবাহ।ভালো ফলাফলের জন্য তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। মঞ্চে এসে কৃতীদের শুভ কামনা জানিয়ে সেরা প্রতিষ্ঠানের ক্রেস্ট গ্রহণ করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ সেলিম রেজা, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সুলতানা ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল হাসেম। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও রবি সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ আশরাফউদ্দিন আহমদ।আব্দুল কাইয়ুম বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গিয়ে আমরা সবার মধ্যে অসাধারণ প্রাণশক্তির পরিচয় পেয়েছি। এসব কৃতী শিক্ষার্থী দেশ গঠনে এগিয়ে আসবে, আলোকিত করে তুলবে বাংলাদেশ।’বন্ধুসভার সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে কথার ফাঁকে ফাঁকে চলে সংগীত-নৃত্য-আবৃত্তি। এসব পরিবেশনার বিভিন্ন পর্বে অংশ নেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার অন্তরা বিশ্বাস, ক্ষুদে গানরাজ ধ্রুব, চৈতালী সন্ধ্যা, লিংকন দাস, কৃতী শিক্ষার্থী শুভ তালুকদার, সুস্মিতা শাওন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সদস্য ফয়সাল ও পূজা। আবৃত্তিকার মোকাদ্দেস বাবুলের নেতৃত্বে আবৃত্তি পরিবেশন করেন বন্ধুরা। সবশেষে মঞ্চে আসেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রধান শিষ্য বাউল আবদুর রহমান। তিনি গেয়ে শোনান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি। বাইরে সিলিকন কম্পিউটার ইঞ্জিনিয়ার্সের সহায়তায় বন্ধুরা সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ই-মেইলে ভোট দেন।ততক্ষণে মিলনায়তনে উপস্থিত হন দেশের জনপ্রিয় লেখক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। তিনি মিলনায়তনে এসেই বললেন, ‘আজ আমি সবচেয়ে বেশি খুশি। কারণ আমি এ মঞ্চে দাঁড়িয়ে তোমাদের মতো কৃতীদের সবাইকে দেখতে পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ করে তোমাদের একটি দেশ উপহার দিয়েছে। আর তোমরা এই দেশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করে পরবর্তী প্রজন্মকে উপহার দেবে—এই আশাবাদ রইল। তোমাদের দেখে আমার বুকে অনেক সাহস আসে।’শিক্ষার্থীরা হাত উঁচিয়ে তাঁর এই বক্তব্যে প্রতি সমর্থন জানায়।