বাংলাদেশকে বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন মৎস্যজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গতকাল মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ–শোভাযাত্রা বের করা হয় ছবি: প্রথম আলো
লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গতকাল মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ–শোভাযাত্রা বের করা হয় ছবি: প্রথম আলো

মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। মৎস্যজীবীদের চেষ্টায় এটা সম্ভব হয়েছে। মৎস্যজীবীরা বাংলাদেশকে বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশে মৎস্য উৎপাদনে একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবচেয়ে বেশি। ইলিশ ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে জাতীয় অর্থনীতিতে তার সুফল পাওয়া যাবে। এ জন্য সমন্বিত চেষ্টার মাধ্যমে জাটকা রক্ষা করতে হবে। জাটকা সংরক্ষণ করা গেলে জেলেরা বাঁচবেন এবং অর্থনীতিও সমৃদ্ধ হবে।

লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য  ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক
লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক

মৎস্য অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মো. আবদুল্লাহ আল্ মামুন। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। আরও বক্তব্য দেন নৌ পুলিশের উপমহাপরিদর্শক এম মনিরুজ্জামান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার শিকদার ও বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব ফণী ভূষণ মালো।
মন্ত্রী বলেন, ‘জাল যার জলা তার’ নীতিকে সরকার আইনে পরিণত করেছে এবং জেলেদের মৎস্যজীবী পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ ছাড়া জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের সময় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল ভিজিএফ সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে এবং তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, অবৈধ জাল উৎপাদনকারী ও জালের মালিকদের চিহ্নিত করা হচ্ছে। তাঁদের অপতৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
নিবন্ধিত শতভাগ জেলেকে ভিজিএফ ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় আনার দাবি জানিয়ে সাংসদ আবদুল্লাহ আল্ মামুন বলেন, লক্ষ্মীপুরে ৪৫ হাজার জেলে জাটকা সংরক্ষণে সহযোগিতা করছেন। মার্চ ও এপ্রিল দুই মাস তাঁরা মাছ ধরা থেকে বিরত থাকছেন। এ সময় পরিবার-পরিজন নিয়ে তাঁদের কষ্টে দিন কাটাতে হয়। তিনি ক্ষতিগ্রস্ত জেলেদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানান।
ভিজিএফ বিতরণ ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার শিকদার বলেন, জাল ও নৌকার মালিক জেলেরা নন, প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা তাঁদের নিয়ন্ত্রণ করেন। আর সরকারি সহায়তার কার্যক্রম নিয়ন্ত্রণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ। অথচ জাটকা সংরক্ষণে তাঁরা কোনো ভূমিকাই রাখেন না। জাটকা ধরার দায়ে শুধু জেলেদের জেল-জরিমানা না করে স্থানীয় জনপ্রতিনিধি ও ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।