পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের বিষয়ে বাংলাদেশকে বিস্তারিত তথ্য জানিয়েছে ভারত। ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিক প্রথম আলোকে জানান, গতকাল সোমবার ভারতের পক্ষ থেকে ওই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দেখা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য বিষয়ের পাশাপাশি বর্ধমানের ঘটনা নিয়েও তাঁরা কথা বলেন।
বোমা বিস্ফোরণের ব্যাপারে আরও তথ্য জানতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধিদল ৯ ও ১০ নভেম্বর বাংলাদেশ সফর করবে।
গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মন্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে একজন আহত হন। এনআইএর প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, এই তিনজন জেএমবির সদস্য।
‘প্রধান সন্দেহভাজন’ ব্যক্তির নাম প্রকাশ করল এনআইএ: বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ‘প্রধান সন্দেহভাজন’ ব্যক্তির নাম প্রকাশ করেছে এনআইএ। গত শনিবার টেলিগ্রাফ-এর প্রকাশিত খবরে বলা হয়, ‘প্রধান সন্দেহভাজন’ ব্যক্তিটির নাম শাহানুর আলম। ৩৩ বছর বয়সী শাহানুরের বাড়ি আসামের বরপেটা জেলার চাতলা গ্রামে। গ্রামে তিনি চিকিৎসক হিসেবে পরিচিত।