সংঘাতকালে যৌন সহিংসতা অবসানের অঙ্গীকার ঘোষণায় সমর্থনের জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। একই কারণে তিনি পাকিস্তান ও নাইজেরিয়াকেও অভিনন্দন জানিয়েছেন।
মি. হেগ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, এ সপ্তাহে এই তিনটি দেশের সমর্থনের ফলে এ ঘোষণার প্রতি সমর্থনকারী দেশের সংখ্যা দাঁড়াল ১৪৮-এ, যা জাতিসংঘের সদস্য দেশগুলোর তিন-চতুর্থাংশেরও বেশি।
যুক্তরাজ্যের যৌন সহিংসতা প্রতিরোধ উদ্যোগের অংশ হিসেবে সংঘাতকালীন যৌন সহিংসতা বন্ধের এই আন্তর্জাতিক ঘোষণা প্রণীত হয়। এই ঘোষণার অন্যতম লক্ষ্য হচ্ছে যৌন সহিংসতার জন্য দায়ী অপরাধীকে বিচারের সম্মুখীন করা।
যেসব দেশ এই ঘোষণা অনুসমর্থন করেছে, সেসব দেশকে আগামী ১০ থেকে ১৩ জুন লন্ডনে অনুষ্ঠেয় ‘সংঘাতকালে যৌন সহিংসতার অবসান বিষয়ক শীর্ষ সম্মেলনে’ অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।
বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও নাইজেরিয়া এই তিনটি দেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনসমূহের বৃহত্ অংশগ্রহণকারী এবং তাদের মূল্যবান অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে।
ধর্ষণ এবং যৌন সহিংসতার স্থায়ীভাবে অবসান ঘটানোর লক্ষ্যে বৈশ্বিক উদ্যোগ ধীরে ধীরে গতিশীল হচ্ছে, উল্লেখ করে মি. হেগ বলেন, ‘আমাদের জীবদ্দশায় এসব অপরাধ লাখ লাখ নারী, পুরুষ ও শিশুর জীবনকে ধ্বংস করে দিয়েছে।’ তিনি বলেন, ‘ধর্ষণকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গির রূপান্তর ঘটানোর একটি সুযোগ এখন আমাদের সামনে উপস্থিত।’