বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে আসতে লায়ন্স ক্লাবসহ এ ধরনের অন্যান্য কল্যাণমুখী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর এক হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট-৩১৫-এর ২৭তম বার্ষিক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যার যার অবস্থান থেকে সবার দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে তার কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি লায়ন সদস্যদের উদ্দেশ করে বলেন, তাঁদের (লায়নদের) দেশের আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য খাত, জলবায়ু, স্যানিটেশন ও প্রজনন স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করার যথেষ্ট সুযোগ ও সামর্থ্য রয়েছে।
রাষ্ট্রপতি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, সরকার লায়নদের জনকল্যাণমূলক কাজে সার্বিক সহায়তা প্রদান করবে। তিনি বলেন, ‘আপনাদের সকল প্রকার উন্নয়নমূলক উদ্যোগে আমার সমর্থন ও সহযোগিতা পাবেন।’
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বে সবচেয়ে বড় কল্যাণধর্মী সংস্থা। ২০৯টি দেশের ৪৬ হাজার ক্লাবের সদস্যসংখ্যা প্রায় ১৪ লাখ। বাংলাদেশে রয়েছে লায়ন্সের সদস্য ১৩ হাজার এবং লিও ছয় হাজার।
জেলা কাউন্সিল চেয়ারপারসন এস এম জগলুল এ মজুমদার, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহ্মেদ, সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন ও মোসলেম আলী খান এবং কনভেনশন চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাসও অনুষ্ঠানে বক্তৃতা করেন।