বাংলাদেশকে মৃত্যুকূপ বানাতে চায় সাম্প্রদায়িক চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, বাংলাদেশকে মৃত্যুকূপে পরিণত করতে চায় জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক চক্র। এজন্য তারা সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস করে তাণ্ডব সৃষ্টি করেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত পথসভায় ইমরান এ কথা বলেন। সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে ঢাকা থেকে যশোরের মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের দুই দিনব্যাপী রোড মার্চ উপলক্ষে এ পথসভার আয়োজন করে ফরিদপুর গণজাগরণ মঞ্চ।

সন্ধ্যা ছয়টা ছয় মিনিট থেকে শুরু করে ১২ মিনিটের বক্তব্যে ইমরান বলেন, শুধু মানববন্ধন করে সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করা যাবে না। এ জন্য দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ অপশক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র সরকারের উদ্দেশে বলেন, নতুন আইন করে সাম্প্রদায়িক শক্তির বিচার করতে হবে। এ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তিনি বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ না হবে, ততদিন মাঠে থাকবে গণজাগরণ মঞ্চ।

ইমরান এইচ সরকার বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে দলমত-নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে আন্দোলন গড়ে তুলতে হবে। পাড়ায়-মহল্লায় ও জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তুলতে হবে অপশক্তির বিরুদ্ধে।

ইমরানের বক্তব্যের আগে স্লোগান-কন্যা হিসেবে পরিচিত লাকী আক্তার বক্তব্য ও স্লোগান দেন। তিনি বলেন, বাংলাদেশ একাত্তরের চেতনা ধারণ করে। কোনো সাম্প্রদায়িকতা এ দেশে বরদাশত করা হবে না।

ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু, আ.লীগের নেতা খন্দকার মোহতেশাম হোসেন, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, মাদারীপুরের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক রেজাউল আমিন, নারীনেত্রী খাদিজা বেগমসহ সালামত হোসেন খান, শওকত আলী, সুবল সাহা, মোতালেব হোসেন, জাহিদ ব্যাপারী, আবুল বাতিন, মিজানুর রহমান, আবু সুফিয়ান চৌধুরী, অনিমেষ রায়, মুরাদ হোসেন প্রমুখ।

এর আগে গণজাগরণ মঞ্চের রোড মার্চ ফরিদপুর শহরে পৌঁছায়। আলীপুর গোরস্তান এলাকা থেকে মঞ্চের নেতারা হেঁটে সভাস্থলে যান। এ সময় সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ হাত তুলে স্বাগত জানায় ইমারনকে।

পথসভা সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গণজাগরণ মঞ্চের রোর্ডমার্চ বহর যশোরের উদ্দেশে যাত্রা করে। পথে ফরিদপুরের মধুখালীতে আরেকটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল ইমরান এইচ সরকারের।