যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি কিছু পণ্যকে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার বিষয়টি দ্রুত পর্যালোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। সম্প্রতি তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ পোশাকশ্রমিক প্রাণ হারানোর পর দেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার তাঁরা এই আহ্বান জানান।পার্লামেন্টের ডেমোক্র্যাট দলীয় ১২ জন সদস্য ওই আহ্বান জানিয়েছেন। এই সদস্যদের অনেকে প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’র করসংক্রান্ত বিষয় দেখাশোনা করছেন। এই সদস্যরা বলেন, শ্রম খাত সংস্কারের প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশ দৃশ্যত বিপরীতমুখী অবস্থানের দিকেই এগোচ্ছে।প্রতিনিধি পরিষদের বাণিজ্যবিষয়ক সদস্য রন কার্ককে লেখা এক চিঠিতে তাঁরা বলেন, ‘বাংলাদেশে কর্মপরিবেশ ও কর্মীদের অধিকারের ক্ষেত্রে অবস্থার অবনতি ঘটায় আমরা গভীর উদ্বিগ্ন।’চিঠিতে স্বাক্ষর প্রদানকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন—মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাশের প্রতিষ্ঠাতা জোসেফ ক্রাউলি, ওয়েস অ্যান্ড মিনস কমিটির সদস্য স্যান্ডি লেভিন প্রমুখ। চিঠিতে আইনপ্রণেতারা জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) ব্যবস্থার আওতায় বাংলাদেশকে রাখা উচিত হবে কি না, বিষয়টি দ্রুত পুনর্মূল্যায়নের আহ্বান জানান। শ্রমমান বজায় রাখার শর্তে এই ব্যবস্থার অধীন যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোর পাঁচ হাজারের মতো পণ্য তাদের বাজারে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের সুযোগ দেয়।যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলোর সর্ববৃহত্ ফেডারেশন এএফএল-সিআইও বাংলাদেশের শ্রমমানের রেকর্ড সম্পর্কে অভিযোগ তুলেছে। এর পরিপ্রেক্ষিতে রন কার্কের দপ্তর শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের গ্রহণযোগ্যতার বিষয়টিতে এরই মধ্যে মূল্যায়নের কাজ শুরু করেছে। এএফপি।