সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদের মতো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী ডেনমার্ক ও নরওয়ে।
গতকাল সোমবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান ইয়েনসেন ও গত রোববার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ডেনমার্ক দূতাবাস গতকাল পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নরডিকভুক্ত চার দেশ সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী গত শনি ও রোববার নরওয়ে সফর করেন। এরপর তিনি সেখান থেকে ডেনমার্কে যান। ওই সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর আইসল্যান্ড ও সুইডেন যাওয়ার কথা।
নরওয়ে ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। গুলশানের রেস্তোরাঁয় হামলার পর বাংলাদেশের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী নরওয়ের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওই হামলার প্রসঙ্গ টেনে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ন্যূনতম ছাড়’ না দেওয়ার নীতি অনুসরণ করে গত দুই মাসে বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন।
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে নরওয়ের প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান উৎসাহে মাহমুদ আলী সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান, জাহাজনির্মাণ শিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ বিনিয়োগের বিপুল সম্ভাবনা আছে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান ইয়েনসেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আলোচনায় দুই দেশ পরিবেশবান্ধব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়। গতকাল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত ওই আলোচনায় দুই দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় একে অন্যকে সহযোগিতায় রাজি হয়।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী পরিবেশবান্ধব উন্নয়ন ও পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে তাঁর দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশকে উৎসাহিত করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে অংশীদারত্বের একটি নতুন রূপরেখা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।