বাংলাদেশকে সম্ভাব্য সব সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে চমৎকার বলে অভিহিত করে বলেছেন, বাংলাদেশকে সম্ভাব্য সব সহযোগিতা দিতে তাঁর দেশ আগ্রহী। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। খবর বাসসের। বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ দুটি গণতান্ত্রিক দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে পারস্পরিক স্বার্থে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোতে মৃত্যু ও সম্পদহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রাষ্ট্রপতি রানা প্ল্লাজা ধসের ঘটনায় আহত পোশাকশ্রমিকদের জন্য আধুনিক চিকিৎসা-সহায়তা এবং কৃত্রিম অঙ্গ প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।