বাংলাদেশে সস্তায় জলবিদ্যুৎ রপ্তানি করতে আগ্রহী ভুটান। ঢাকা সফররত ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিওনপো নোরবু ওয়াংচুক গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর দেশের এ আগ্রহের কথা জানান। খবর বাসসের।
ভুটানের মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে আমরা সস্তায় বিদ্যুৎ দিতে চাই।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী বলেছেন, তাঁর দেশ বর্তমানে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। দেশটির ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সামর্থ্য রয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী ভুটান থেকে বিদ্যুৎ আমদানি এবং দেশটির পরবর্তী বিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। ভুটানের মন্ত্রী ওয়াংচুক জলবায়ু পরিবর্তন ইস্যুতে শেখ হাসিনার উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানান।
মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার নরলিন বিনতি ওথমান গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।