মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে খুনি অপরাধ করে পার পেয়ে যাচ্ছ। যে ধরনের হত্যাকাণ্ড ঘটছে, তা পুলিশ বা সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়, যৌথভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে।
জুলহাজসহ সব ব্লগার, লেখক, প্রকাশক হত্যাকাণ্ড নিয়ে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন বার্নিকাট। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্শা বার্নিকাট বলেন, ‘কোনো মানুষ তার বিশ্বাসের কারণে খুন হতে পারে না। বেঁচে থাকা সবার অধিকার। এখানে মানুষ ভয়ের মধ্যে আছে। কারও একার পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়।’ রাষ্ট্রদূত বলেন, ‘জুলহাজ মান্নান আমাদের একজন ভালো সহকর্মী ছিলেন। আমরা বুঝতে পারছি, বাংলাদেশ একা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করছি।’
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘বার্নিকাট যেটা বলেছেন, তা আবেগের কথা।’ তাঁর সঙ্গে সাক্ষাতে বার্নিকাট এ ধরনের কোনো মন্তব্য করেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে পুলিশের ভূমিকার প্রশংসাই করেছেন। তিনি আপনাদের কী বলেছেন, আমি শুনিনি। কিন্তু তিনি আমার কাছে পুলিশের ভূমিকার প্রশংসাই করেছেন।’ কলাবাগানে জোড়া খুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ঘটনার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়। সেই দিন পুলিশ একজনকে জাপটে ধরেছিল, কিন্তু অন্য দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। পুলিশ ফায়ার ওপেন করেছিল। কিন্তু রাস্তায় মানুষ থাকায় দ্বিতীয় ফায়ার করতে পারেনি।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএসের উপস্থিতির বিষয়ে বার্নিকাট জোরালো কিছু বলেননি। তিনি বলেছেন, সরকার সব সময় বলছে, আইএসের সাংগঠনিক শক্তি এখানে নেই। কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব ঘটনা এখানে ঘটছে, সেগুলো “হোম গ্রোন” জঙ্গিদের কাজ। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব সন্ত্রাসীকে নির্মূলে কাজ করছে। আমরা বার্নিকাটকে বলেছি, সারা বিশ্বে খুন, হত্যা হচ্ছে। আপনাদের দেশেও হচ্ছে। দুজন নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বলেছি, আসুন, আমরা একসঙ্গে সেসব মোকাবিলা করি। কোনো তথ্য থাকলে আমাদের দিন, পুলিশের যে ইউনিটগুলো আমাদের আছে, সেগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করুন।’
যুক্তরাষ্ট্রের এফবিআইসহ অন্যান্য দেশের গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া আরও জোরদার করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘শেষ পর্যন্ত আমাদের মধ্যে যেটা কথা হয়েছে, তা হলো সবকিছু শেয়ার করব, সবকিছু করতে চাই এই সন্ত্রাসবাদীদের প্রতিরোধ করতে।’ বিষয়টি দেখভালের জন্য মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শমতো মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে (রাজনৈতিক) ফোকাল পয়েন্ট করে দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে একটি সেলও গঠন করা হবে বলে জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী আর কী কী নির্দেশনা দিয়েছেন, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রতি মাসেই সভা করি। তিনি নির্দেশ দিয়েছেন সবাইকে, যত উইং আছে, একসঙ্গে কাজ করতে। জঙ্গি মোকাবিলায় করণীয় কী হবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে।’