অভিবাসী সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রও এই অঞ্চলের দেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত বুধবার এসব কথা জানানো হয়। সাগরে ভাসমান অভিবাসীদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্র বড় ভূমিকা রাখবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওই ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ। আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে ভাসমান কয়েক হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে উদ্ধার এবং মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডকে ধন্যবাদ জানান তিনি। আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা থেকে এই অঞ্চলের অন্য দেশগুলোকেও অভিবাসী সংকট মোকাবিলায় ভূমিকা রাখার আহ্বান জানান মেরি হার্ফ।
এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, অভিবাসী সংকট মোকাবিলায় মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এখন দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবারই তাঁর মিয়ানমারে পৌঁছানোর কথা। মেরি হার্ফ বলেন, ব্লিনকেন বার্মার (মিয়ানমারের সাবেক নাম) কর্তৃপক্ষকে বাংলাদেশকে সহায়তা করার আহ্বান জানাবেন। বিশেষ করে, সাগরে ভাসমান আশ্রয়প্রার্থীদের উদ্ধার ও তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়ার ব্যাপারে আহ্বান জানানো হবে।
পুনর্বাসন প্রশ্নে মেরি হার্ফ বলেছেন, অভিবাসীদের সাগর থেকে উদ্ধারের পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর ভার লাঘব করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মালয়েশীয় ও ইন্দোনেশীয়রা অভিবাসীদের পুনর্বাসনে কিছুটা সহায়তা করতে বলেছে। আমরা এই প্রস্তাব যত্নসহকারে বিবেচনা করছি। আমরা এ ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখতে প্রস্তুত আছি। তবে প্রচেষ্টাটা হতে হবে বহুদেশীয় এবং জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তত্ত্বাবধানে।’