বাংলাদেশকে সাহায্য করতে ফিলিপাইনকে মার্কিন ব্যাংকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক। এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই হ্যাকাররা গত ফেব্রুয়ারিতে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রধান আইন উপদেষ্টা (জেনারেল কাউন্সেল) টমাস ব্যাক্সটার গত ২৩ জুন ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল কাউন্সেল এলমোর ও. ক্যাপুলকে একটি চিঠি দেন। এতে চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের চেষ্টায় সব রকমের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
চিঠিতে ব্যাক্সটার লেখেন, ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং গ্রুপে (আরসিবিসি) অর্থ স্থানান্তরের জন্য যেসব নির্দেশনা এসেছিল, সেগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে ‘বাণিজ্যিকভাবে যৌক্তিক’ একটি নিরাপত্তা প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। কিন্তু চোরাই পরিচয় ব্যবহার করে এসব নির্দেশনা দেওয়া হয়েছিল।
অর্থ চুরির বিষয়ে একটি প্রতিবেদন নিউইয়র্কের ওই ব্যাংককে দেখাতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই ওই প্রতিবেদন তৈরি করেছে। মার্কিন কর্মকর্তারা ওই প্রতিবেদন সংগ্রহের জন্য কয়েক সপ্তাহ ধরে আহ্বান জানাচ্ছেন। তবে ফায়ারআইয়ের প্রতিবেদন সম্পর্কে নিউইয়র্কের ব্যাংকটি কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য সংগ্রহ করতে পারেনি রয়টার্স। আর ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যে ঘটনা নিয়ে তদন্ত চলছে, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। আরসিবিসি এক বিবৃতিতে বলেছে, তারা বাংলাদেশ ব্যাংকের অর্থ উদ্ধারের চেষ্টায় সাহায্য করছে।
আরসিবিসিতে যাওয়ার পর ওই চুরি যাওয়া অর্থের বেশির ভাগই ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ীদের হাতে গিয়েছিল। এ ঘটনার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও চুরি যাওয়া অর্থের অধিকাংশের খোঁজ মেলেনি। আর অপরাধীদের সবাইকেও চিহ্নিত করা যায়নি।
ঘটনাটি নিয়ে বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং অর্থ পরিশোধের নির্দেশনা পাঠানোর মাধ্যম সুইফটের মধ্যে বিরোধ রয়েছে। তবে নিউইয়র্কের ওই ব্যাংক ও ঢাকার মধ্যে এখন সম্পর্কের কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ব্যাংকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তাদের কয়েকজন কর্মকর্তা ওই অর্থ উদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে আগামী সপ্তাহে ম্যানিলায় যাবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গত মঙ্গলবার বলেছেন, আরসিবিসি থেকে ওই অর্থ চুরির ঘটনা নিয়ে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।