বাংলাদেশকে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যাচেষ্টার’ পরিকল্পনা উদ্ঘাটনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে বলে বাংলাদেশ পুলিশের দাবির পরদিন মার্কিন কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এ কথা বলেছেন।
জয়কে ‘অপহরণ ও হত্যা পরিকল্পনায়’ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) বাংলাদেশ সরকারকে দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘এই মামলায় বাংলাদেশ সরকারের আইনি সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস সাড়া দিয়েছে।’
তবে কী ধরনের সহায়তা করা হয়েছে, সে সম্পর্কে মার্কিন কর্মকর্তা বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যখন অন্য দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা–সংক্রান্ত তথ্য বিনিময় করে, তখন সে সম্পর্কে কোনো মন্তব্য করা হয় না। বাংলাদেশ সরকার তদন্ত করছে। তাদের কাছেই এ সম্পর্কে জানতে চাওয়া ভালো।
বাংলাদেশ পুলিশ মঙ্গলবার দাবি করে, সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনায় ‘বিএনপিপন্থী’ দুই জ্যেষ্ঠ সাংবাদিক সম্পৃক্ত ছিলেন—এমন তথ্য–প্রমাণ তাদের কাছে আছে।
জয়কে হত্যা পরিকল্পনার অভিযোগে ১৬ এপ্রিল প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে তাঁর ঢাকার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। আর মাহমুদুর রহমান ২০১৩ সাল থেকে কারাবন্দী। তাঁকে পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁকে এ মামলায় রিমান্ডে নেওয়ার উদ্যোগ চলছে।
জয়ের ব্যক্তিগত তথ্য বের করার জন্য সাবেক এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিককে ঘুষ দেওয়ার অভিযোগে ২০১৫ সালে নিউইয়র্কের একটি আদালত যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে কারাদণ্ড দিয়েছিলেন। একই অভিযোগে আদালত রবার্ট লাস্টিক ও মধ্যস্থতাকারী জোহানেস থালেরকেও কারাদণ্ড দেন।
অভিযোগ রয়েছে, জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করার জন্য কয়েকজন বিএনপি নেতা ২০১২ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ঢাকার পল্টনে বৈঠক করেছিলেন।